যমুনা এক্সপ্রেসের ওপর গাড়ি থামিয়ে তরুণীকে গণধর্ষণ, গ্রেফতার তিন, উত্তরপ্রদেশে নারী নির্যাতনের সিলসিলা অব্যাহত!
বাংলার জনরব ডেস্ক : উত্তরপ্রদেশে নারী নির্যাতনের সিলসিলা জারি রয়েছে। মেয়েদের উপর অত্যাচার নির্যাতন এবং ধর্ষণ ও গণধর্ষণের ঘটনা যোগীর রাজ্যে নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে উঠেছে। সেরকমই কি একটি মর্মান্তিক ঘটনা গত মঙ্গলবার রাতে ঘটেছে আগ্রার যমুনা এক্সপ্রেস ওয়েতে। জানা গেছে ২৩ বছরের এক তরুণী উত্তরপ্রদেশের নয়ডা থেকে শেয়ার ট্যাক্সি ধরে ফিরোজাবাদ যাচ্ছিলেন সেই গাড়িতে আরো দুই পুরুষ সঙ্গী ছিলেন। পথে আগ্রা যমুনা এক্সপ্রেস এর উপর গাড়ি থামিয়ে ওই তরুণীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে।
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যাচ্ছে,মঙ্গলবার রাত সাড়ে ৮টা নাগাদ নয়ডা থেকে ফিরোজ়াবাদে ফেরার জন্য একটি শেয়ার ট্যাক্সিতে ওঠেন ২৩ বছরের এক তরুণী। গাড়িতে চালক এবং তরুণী ছাড়াও ছিলেন আরও দুই সওয়ারি। গাড়ি যখন আগরার যমুনা এক্সপ্রেসওয়ের উপর তখনই গাড়ি থামিয়ে তিন জন মিলে তরুণীকে গণধর্ষণ করেন বলে অভিযোগ। তার পর তরুণীকে মাঝ পথেই নামিয়ে দিয়ে পালিয়ে যান সবাই। কোনও রকমে নিকটবর্তী থানায় পৌঁছে অভিযোগ নথিভুক্ত করেন ওই নির্যাতিতা। পুলিশ সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে গাড়িটিকে চিহ্নিত করে। গ্রেফতার করা হয় চালক-সহ তিন জনকেই।
আগরা পুলিশের কমিশনার প্রীতিন্দ্র সিংহ সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ‘‘ওই তরুণী মঙ্গলবার রাত সাড়ে ৮টায় নয়ডার সেক্টর ৩৭ থেকে একটি শেয়ার ট্যাক্সিতে ওঠেন। ট্যাক্সিটি নয়ডা থেকে ফিরোজ়াবাদ যাচ্ছিল। তরুণী দাবি করেছেন, যমুনা এক্সপ্রেসওয়ের উপর গাড়ির তিন জন মিলে তাঁকে গণধর্ষণ করেন এবং তার পর এতমাদপুরে তাঁকে নামিয়ে দিয়ে পালিয়ে যান। সেখান থেকে একটি অটো নিয়ে তরুণী ফিরোজ়াবাদে আসেন এবং পুলিশে অভিযোগ করেন।’’
পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ট্যাক্সিটিকে চিহ্নিত করে। গ্রেফতার করা হয় ট্যাক্সির চালক-সহ তিন জনকেই। গণধর্ষণের মামলা রুজু করে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

