১০০ দিনের কাজে দুর্নীতি রুখতে ডিজিটাল হাজিরা চালু করছে কেন্দ্র!
বাংলার জনরব ডেস্ক : ১০০ দিনের কাজে দুর্নীতি রুখতে এবার কেন্দ্র সরকার কড়া ব্যবস্থা নিতে চলেছে বলে জানা গেছে। নতুন এক মোবাইল অ্যাপ আনছে কেন্দ্র যেখানে ১০০ দিনের কাজের সঙ্গে যুক্ত কর্মীদের বাধ্যতামূলক হাজিরা দিতে হবে, তবেই মিলবে পারিশ্রমিক। ২০২৩ সালের জানুয়ারি মাস থেকে এই নিয়ম কার্যকরী হবে বলে জানা গেছে।
একশো দিনের (MNREGA) কাজে ডিজিটাল পদ্ধতিতে হাজিরা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় অনেক আগেই। গত মে মাসে পরীক্ষামূলকভাবে ডিজিটাল হাজিরা নেওয়া চালু হয়ে গিয়েছিল দেশের বিভিন্ন প্রান্তে। এবার গোটা দেশে এই প্রক্রিয়া কার্যকর করতে চলেছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। গত ২৩ ডিসেম্বর এই বিষয়ে নির্দেশিকাও জারি করা হয়েছে।
জানা গিয়েছে, এবার থেকে মনরেগা প্রকল্পে শ্রমিক-সহ অন্যান্য কর্মীদের হাজিরা নেওয়া হবে ডিজিটাল পদ্ধতিতে। কে কোন কাজে যুক্ত, ছুটির সময় কখন, কাজের জায়গার লোকেশন-সহ সংশ্লিষ্ট কর্মীর ছবি যুক্ত করা হবে এই মোবাইল অ্যাপে। এই যুক্ত করার দায়িত্ব দেওয়া হবে একশো দিনের কাজে যুক্ত সুপারভাইজারদের।
মনরেগা প্রকল্প নিয়ে বিভিন্ন রাজ্য থেকেই দফায়-দফায় দুর্নীতির অভিযোগ এসেছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের কাছে। এরাজ্যেও এই প্রকল্পে দুর্নীতি-সহ টাকা নয়ছয়ের অভিযোগ তুলেছেন বিজেপি নেতারা। সমস্ত অভিযোগের প্রেক্ষিতে রাজ্য পদক্ষেপ করেছে বলে জানিয়েছে কেন্দ্রীয় মন্ত্রক।

