”আমার ঠাকুমাকে’নির্বাক পুতুল’ বলে কটাক্ষ করা হত, পরবর্তীতে চিরকাল লৌহমানবীই থেকে গিয়েছেন তিনি। আমারও কিছু এসে যায় না, যে নামেই ডাকা হোক। আমি কিছুই মনে করি না” বিজেপির পাপ্পু কটাক্ষের জবাব দিতে গিয়ে সংবাদমাধ্যমে বললেন রাহুল গান্ধী
বাংলার জনরব্র ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিজেপির নেতারা রাহুল গান্ধীকে পাপ্পু বলে সম্মোধন করে থাকেন। আর এ নিয়ে রাহুল গান্ধীর কোন রাগ নেই, দুঃখ নেই, অভিমানও নেই বরং তিনি মনে করেন তাকে যেকোনো নামেই ডাকা যেতে পারে! এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে রাহুল গান্ধী বলেছেন, ”যে নামেই ডাকা হোক, আমি সব নামকেই স্বাগত জানাই। ভালই লাগে। দয়া করে আরও বেশি করে আমার নাম নিন সবাই।”
একইসঙ্গে রাহুল গান্ধী ইতিহাস তুলে ধরে বলেছেন তাঁর ঠাকুমা ইন্দিরা গান্ধীকে অনেকেই নির্বাক শ্রোতা বলে অভিহিত করতেন আবার অনেকেই নির্বাক পুতুল বলেও কটাক্ষ করেছেন। তারপর ইন্দিরা গান্ধী এদেশ তো বটেই আন্তর্জাতিক মহলে নিজেকে আইরন লেডি হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন। রাহুলের মতে তাই যারা আমাকে পাপ্পু বলছেন তারা একদিন আমার কাজের বিচার করবেন। রাহুলের ভাষায়, ”আমার ঠাকুমাকে ‘লৌহমানবী’ বলা হত। অথচ তার আগে ওঁকে ‘নির্বাক পুতুল’ বলে কটাক্ষ করা হত। কিন্তু আচমকাই সেই নির্বাক পুতুলই কালক্রমে হয়ে ওঠেন লৌহমানবী। চিরকাল লৌহমানবীই থেকে গিয়েছেন তিনি। আমারও কিছু এসে যায় না, যে নামেই ডাকা হোক। আমি কিছুই মনে করি না।”
ঠাকুমা সম্পর্কে বলতে গিয়ে আবেগপ্রবণও হয়ে পড়েন রাহুল। জানিয়ে দেন, ”উনি আমার দ্বিতীয় মা।” এই কথায় তাঁকে পালটা প্রশ্ন করা হয়, তাহলে কি ঠাকুমার মতো গুণসম্পন্ন মেয়েকেই বিয়ে করতে চান? উত্তরে রাহুল বলেন, ”এটা বেশ ভাল প্রশ্ন। মা আর ঠাকুমার গুণের মিশ্রণ থাকলেই ভাল হয়।”

