নবান্নের ১৪ তলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মধ্যে একান্তে ১৬ মিনিট বৈঠক, রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য
বাংলার জনরব ডেস্ক : পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে যোগ দিতে কলকাতায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বৈঠক শেষ হওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একান্ত অনুরোধ নবান্নের ১৪ তলায় অর্থাৎ মুখ্যমন্ত্রীর দফতরে যান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর মুখ্যমন্ত্রীর চেম্বারে শাহের সঙ্গে প্রায় ১৬ মিনিট কথা বলেন। গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি অমিত শাহকে পাঞ্জাবি ও শাড়ি উপহার দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তা পেয়ে খুশি স্বরাষ্ট্রমন্ত্রী।
নবান্ন সূত্রে খবর, পূর্বাঞ্চলের ৫ রাজ্যের সঙ্গে নিরাপত্তা বৈঠকে সীমান্ত সমস্যা, অনুপ্রবেশ নিয়ে দীর্ঘ প্রায় আড়াই ঘণ্টা ধরে বৈঠক হয় অমিত শাহের। এরপর সেখান থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর অনুরোধে স্বরাষ্ট্রমন্ত্রী ১৪ তলায় তাঁর নিজের ঘরে যান। সেখানেই প্রায় ১৬ মিনিট ধরে একান্তে কথা বলেন মমতা-অমিত শাহ। তাঁর হাতে একটি চিঠি তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। কোন কোন বিষয় নিয়ে কথা হয়েছে দু’জনের মধ্যে, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
সীমান্তে বিএসএফের (BSF) এক্তিয়ার বৃদ্ধি, কেন্দ্রীয় বকেয়া-সহ একাধিক বিষয়ে রাজ্য-কেন্দ্র সংঘাত তুঙ্গে। মনে করা হচ্ছে, সে বিষয়ে কথা হয়েছে অমিত শাহ-মমতার মধ্যে। স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে দ্রুত কেন্দ্রীয় বকেয়া মেটানোর দাবি করেছেন মুখ্যমন্ত্রী

