টালায় পাইপ ফেটে বিপত্তি! কলকাতা জুড়ে পানীয় জল সরবরাহ ব্যাহত! ৪৮ ঘন্টা আগে সমস্যা কাটবে না!
বাংলার জনরব ডেস্ক : টালায় পাইপ ফেটে বিপত্তি। ব্রিটিশ আমলে লাগানো মাটির নিচে ৭২ ইঞ্চির পাইপ সোমবার সকালে ফেটে যায় আর এতেই সমগ্র এলাকা জলমগ্ন হয়ে পড়ে। এর ফলে কলকাতা স্টেশনে ট্রেন পরিষেবাও ব্যাহত হয়েছিল। একই সঙ্গে সমগ্র কলকাতা জুড়ে পানীয় জল সরবরাহ ব্যাহত হচ্ছে বলে জানা গেছে। কলকাতা পুরসভা সূত্রে খবর আগামী ৪৮ ঘন্টার আগে এই সমস্যার সমাধান হওয়া সম্ভব নয়। ফলে ভোগান্তি বাড়ছে বাসিন্দাদের। মঙ্গলবারও মেরামতির কাজ চলবে এবং কলকাতা স্টেশন জলমগ্ন থাকায় চক্ররেলের সূচিতে বেশ কিছু বদল করা হয়েছে। আজ দিনভর টালা রুটে ৫টি লোকাল ট্রেন বাতিল। বেশ কয়েকটি ট্রেনের সময়সূচি বদল করা হয়েছে। তবে সব কিছুর ঊর্ধ্বে এখন একটাই প্রশ্ন সকলের, কবে জল এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে?
বিপত্তির সূত্রপাত সোমবার সকালে। টালায় ৭২ ইঞ্চির একটি পাইপ আচমকা ফেটে জল থইথই পরিস্থিতি। নিমেষের মধ্যে গোটা এলাকা জলমগ্ন হয়ে পড়ে। জল এতটাই জমে যায় যে রাস্তায় হাঁটাই কঠিন হয়ে পড়ে। টালা ট্যাঙ্ক থেকে কলকাতা এবং বৃহত্তর কলকাতায় জল সরবরাহ হয়ে থাকে। এই বিপর্যয়ের ফলে তাতে যে বড়সড় প্রভাব পড়বে, তা বোঝাই যাচ্ছিল। এখন ২৪ ঘণ্টা পেরিয়ে সেই সমস্যা সমাধানের বদলে আরও প্রকট হচ্ছে। সোমবার পাইপ ফেটে যাওয়ার খবর পেয়ে কলকাতার পুর কমিশনার স্মিতা পাণ্ডে ঘটনাস্থলে গিয়ে নিজে দাঁড়িয়ে থেকে মেরামতির কাজ শুরু করান। কিন্তু পাইপলাইন এবং নিকাশি ব্যবস্থায় কিছুটা জটিলতা থাকায় কাজ খুব দ্রুত করা সম্ভব হয়নি। এখানের একটা বড় অংশ রেলের অধীনে। তাই নিকাশি কাজের ক্ষেত্রে রেলের সাহায্য দরকার বলে জানান পুরকমিশনার। দু’তরফের আলোচনা সাপেক্ষে পাইপলাইন মেরামতির কাজ শুরু হয়।
তবে মঙ্গলবার সকালেও জল-য্ন্ত্রণা কমেনি। এদিন পুরসভার তরফে জানিয়ে দেওয়া হয়েছে, পুরোপুরি সব স্বাভাবিক হতে আরও অন্তত ৪৮ ঘণ্টা সময় লাগবে। তাতেই চিন্তা বাড়ল কলকাতাবাসীর। এতটা সময়ের জন্য কীভাবে জল ব্যবহারে লাগাম টানবেন? এই মুহূর্তে জল সংরক্ষণেরও কোনও উপায় নেই। এর সঙ্গে বাড়তি দুর্ভোগ, রেলট্র্যাক থেকে জল না পর্যন্ত ট্রেনও নিয়মিত পাওয়া যাবে না। কলকাতা স্টেশন এখনও জল থইথই। তা সরাতে শিয়ালদহ ডিভিশনের আধিকারিকরা কাজ করবেন। তাই চক্ররেলের একাধিক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত ও পরিবর্তন করা হয়েছে। বাতিল থাকবে পাঁচটি ট্রেন। গেদে-মাঝেরহাট, হাবড়া-মাঝেরহাট, মাঝেরহাট-রানাঘাট লোকালগুলি রুট বদলে অন্যপথে চলবে।

