কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ও বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি দীপঙ্কর দত্ত সুপ্রিম কোর্টের বিচারপতি হচ্ছেন
বাংলার জনরব ডেস্ক : কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ও বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি দীপঙ্কর দত্তকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। দু-একদিনের মধ্যেই তিনি নতুন দায়িত্ব গ্রহণ করবেন বলে সুপ্রিম কোর্ট সূত্রের খবর।
সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি বিচারপতি ইউইউ ললিতের নেতৃত্বাধীন কলেজিয়াম দীপঙ্কর দত্তের নাম সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিয়োগের জন্য সুপারিশ করে। কিন্তু বেশ কয়েক মাস সে সংক্রান্ত ফাইল আইনমন্ত্রকে পড়ে ছিল। আইন মন্ত্রক তা কার্যকর করলো।
কেন্দ্রীয় সরকার কলেজিয়ামের সুপারিশ করা নামগুলির জন্য নিয়োগপত্র ইস্যু করে থাকে মাত্র। নরেন্দ্র মোদী সরকারের বক্তব্য, কেন্দ্রীয় সরকারের অভিমতও নিতে হবে কলেজিয়ামকে।
কলকাতা হাইকোর্টের বিচারপতি থাকাকালে বীরভূমে বিজেপি-তৃণমূল সংঘাত, অনুব্রত মণ্ডলের হুমকি ভাষণ সংক্রান্ত একাধিক মামলার বিচারের সুবাদে দীপঙ্কর দত্তের নাম একটা সময় ঘনঘন সংবাদমাধ্যমে আসত। তখন তিনি পুলিশ সংক্রান্ত মামলার বিচার করতেন। তিনি আইন ও সংবিধান সংক্রান্ত মামলার বিচারে বিশেষ পারদর্শী বলে পরিচিত।

