বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে যাওয়া হলো মহিলা চিকিৎসককে মারধর করা হলো তার বাবাকে তেলেঙ্গানার এই ঘটনায় অস্বস্তিতে প্রশাসন
বাংলার জনরব ডেস্ক : এক তরুণীর বাড়িতে ঢুকে তাঁকে জোর করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল তেলেঙ্গানার রঙ্গারেড্ডি জেলার রচকোণ্ডা থানা এলাকায়।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, ওই ঘটনাটি শুক্রবারের। ভিডিয়োয় দেখা যায় একটি বাড়ির দিকে এগোচ্ছেন বেশ কয়েক জন যুবক। তাঁদের কারও কারও হাতে লাঠি। এর পর সব দিক থেকে বাড়িটি ঘিরে ভাঙচুর শুরু করেন তাঁরা। ওই সময় এক প্রৌঢ় বাধা দিতে এলে তাঁকে বেধড়ক মারধর করা হয়। অভিযোগ, এর পর একশো জনের বেশি যুবক হুড়মুড়িয়ে ওই বাড়িতে ঢুকে তাণ্ডব চালান। বৈশালী নামে ২৪ বছরের চিকিৎসককে টেনে নিয়ে যাওয়া হয়। পরিবারের অভিযোগ, বৈশালীকে বাড়ি থেকে অপহরণ করা হয়েছে। তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গাড়িতে ঢোকানো হয়। যদিও কী কারণে এই হামলার ঘটনা, তা এখনও স্পষ্ট নয়।
রচকোণ্ডা পুলিশ সংবাদমাধ্যমকে জানিয়েছে, ওই তরুণীকে অপহরণের পর শারীরিক ভাবে আক্রমণ করা হয় বলে অভিযোগ উঠেছে। তাঁকে উদ্ধার করা সম্ভব হয়েছে। পুলিশ আরও জানাচ্ছে, এটা পূর্বপরিকল্পিত হামলা। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৭-সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

