দেশ 

ডঃ মনমোহন সিং সরকারের আমলে চালু হওয়া, সংখ্যালঘু ছেলেমেয়েদের গবেষণার জন্য মৌলানা আজাদ স্কলারশিপ বন্ধ করে দিল কেন্দ্রীয় সরকার

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক: গুজরাট বিধানসভা নির্বাচনে ১৫৬ টি আসন পাওয়ার পরের দিনই সংখ্যালঘু পড়ুয়াদের জন্য স্কলারশিপ বন্ধ করে দিল মোদি সরকার। মূলত সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলেমেয়েদের এমফিল ও পিএইচডি করার জন্য মনমোহন সিং সরকার যে স্কলারশিপ চালু করেছিল তা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। স্বাভাবিকভাবে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে সংখ্যালঘু সমাজ।

মনে রাখতে হবে মৌলানা আজাদ স্কলারশিপ শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের ছেলে মেয়েদের জন্য ছিল না এটা দেশের পাঁচটি সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের পড়ুয়াদের জন্য চালু করেছিলেন ডঃ মনমোহন সিং সরকার।

আজ কেন্দ্রের তরফে জানানো হয়েছে, সংখ্যালঘু পড়ুয়াদের জন্য একাধিক প্রকল্পের ব্যবস্থা রয়েছে। তাই মৌলানা আজাদ স্কলারশিপ চালিয়ে যাওয়ার কোনও দরকার নেই।

২০০৫ সালে ভারতে মুসলিম পড়ুয়াদের অবস্থা খতিয়ে দেখার জন্য সাচার কমিটি তৈরি করা হয়েছিল। সেই কমিটির রিপোর্টে বলা হয়েছিল, শিক্ষাক্ষেত্রে মুসলিম পড়ুয়াদের অবস্থা তপশিলি জাতির থেকেও খারাপ। এই কমিটির রিপোর্টের সুপারিশ মেনেই তৎকালীন ইউপিএ সরকার মৌলানা আজাদ স্কলারশিপ চালু করে। মুসলিম ছাড়াও খ্রিষ্টান, বৌদ্ধ, পারসি, শিখ পড়ুয়াদের জন্য এই স্কলারশিপ দেওয়া হত। সংখ্যালঘু সম্প্রদায়ের পড়ুয়ারা এম ফিল বা পিএইচডি করতে গেলে এই স্কলারশিপ পেত।

এই স্কলারশিপ বন্ধের কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। শুক্রবার সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani) বলেছেন, “উচ্চশিক্ষার সময়ে আর্থিক সাহায্যের জন্য কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্প রয়েছে। মৌলানা আজাদ ন্যাশনাল স্কলারশিপকে সেই প্রকল্পগুলির অন্তর্ভুক্ত করে নেওয়াই যায়। তাছাড়া সংখ্যালঘু পড়ুয়াদের উৎসাহ দেওয়ার জন্য অনেক প্রকল্প রয়েছে। তাই ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ থেকেই মৌলানা আজাদ ন্যাশনাল স্কলারশিপ বন্ধ করে দেওয়া হচ্ছে।” কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন, গত আট বছরে সাতশো কোটিরও বেশি টাকা স্কলারশিপ দেওয়া হয়েছে।

জামিয়া মিলিয়া ইসলামিয়ার পড়ুয়ারা এই সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি জানিয়েছেন। তাঁদের অভিযোগ, একদিকে সবকা বিকাশের কথা প্রচার করছে কেন্দ্র, অন্যদিকে সংখ্যালঘু পড়ুয়াদের জন্য স্কলারশিপ বন্ধ করে দেওয়া হচ্ছে। মৌলানা আজাদের নামাঙ্কিত স্কলারশিপ বন্ধ করে দেওয়ার অর্থ তাঁকে অপমান করা।

মৌলানা আজাদের নামাঙ্কিত স্কলারশিপ প্রায় এক বছর ধরেই বন্ধ বলে অভিযোগ উঠেছে। বছরখানেক ধরে এই স্কলারশিপ গবেষকরা পাচ্ছে না বলে জানা গেছে এ নিয়ে ইতিমধ্যেই সংসদে বিষয়টি কংগ্রেসের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছিল আজ সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি কার্যত ঘোষণা করে দিলেন এই স্কলারশিপ বন্ধ করার। ভারতের স্বাধীনতার সংগ্রামের অন্যতম সেনানি মৌলানা আবুল কালাম আজাদের প্রতি সম্মান জানিয়ে মনমোহন সিং সরকার যে স্কলারশিপ চালু করেছিল তা বন্ধ করে দিয়ে একজন স্বাধীনতার সংগ্রামী কে অপমান করা হচ্ছে বলে মহল মনে করছে।।

অন্যদিকে কয়েক সপ্তাহ আগে প্রি ম্যাট্রিক স্কলারশিপ বন্ধ করে দিয়েছে কেন্দ্র যার ফলে দেশের পিছিয়ে পড়া সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলেমেয়েদের পড়াশুনা ব্যাহত হবে বলে মনে করা হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের সমালোচনা করেছেন।

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ