ছটপুজোয় নদীতে ডুবে বিহারে মৃত্যু ৫৩, চার লাখ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা নীতিশের
বাংলার জনরব ডেস্ক: গুজরাটের পর এবার বিহারে জলে ডুবে মারা গেলো ৫৩ জন। গুজরাটে সেতু ভেঙে মারা গেছে শতাধিক মানুষ। এদিকে বিহারে ছটপুজোকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে জলে ডুবে মৃত্যু হয়েছে ৫৩ জনের। বিহারের একাধিক নদীতে তলিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে পূণ্যার্থীদের, একথা জানিয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। ইতিমধ্যে নীতীশকুমার সরকার (Nitish Kumar) মৃতদের পরিবারগুলির জন্যে আর্থিক সাহায্য ঘোষণা করেছে।
বিহারে চার দিন ধরে ছট পুজো পালন করেন সাধারণ মানুষ। তার মধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে শোকের ঘটনা। মোট ৫৩ জনের মৃত্যু হয়েছে জলে ডুবে। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী জানিয়েছে, ৩০ অক্টোবর শুধুমাত্র পুর্নিয়া জেলায় ডুবে মারা গিয়েছে ৫ জন। এরমধ্যে পটনা, মুজফ্ফরনগর, সমস্তিপুর এবং সহর্ষতে ৩ জন করে মারা গিয়েছেন। গয়া, বেগুসরাই, কাটিহার, বক্সার, কাইমুর, সীতামঢ়হি, বাঁকায় মারা গিয়েছেন ১ জন করে। উৎসবের শেষ দিন অর্থাৎ ৩১ অক্টোবর গোটা রাজ্যে মারা গিয়েছেন ১৮ জন।
উৎসবের মধ্যে রাজ্যের ৫৩ জনের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশকুমার। এইসঙ্গে মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন তিনি। মৃতদের পরিচয় শনাক্ত করে পরিবারগুলিকে দ্রুত ক্ষতিপূরণ পৌঁছে দিতে জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন নীতীশ কুমার।

