দেশ 

পুরনো পেনশন প্রকল্প চালু রাখার দাবিতে হিমাচল প্রদেশ ও গুজরাটে সরকারি কর্মী ও শিক্ষকদের তীব্র আন্দোলন, ভোটের মুখে চাপে বিজেপি!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : গুজরাট ও হিমাচল প্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে চরম অস্বস্তিতে পড়লো বিজেপি। পুরনো পেনশন প্রকল্প চালু রাখার দাবিতে হিমাচল প্রদেশ এবং গুজরাটে রাস্তায় নেমে আন্দোলন শুরু করলেন সরকারি কর্মী ও শিক্ষকরা। এরফলে আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিকে চরম মূল্য দিতে হতে পারে বলে রাজনৈতিক মহল মনে করছে।

মোদী সরকারের পেনশন নীতি নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে কংগ্রেস। ওই নীতি অনুযায়ী, অবসরের পরে কেন্দ্রীয় সরকারি কর্মীদের পেনশন কত হবে, তা ‘ন্যাশনাল পেনশন সিস্টেম’ মেনে স্থির করা হয়। এই পদ্ধতিতে পেনশন তহবিলে প্রতি মাসে জমা অর্থ শেয়ার বাজারে লগ্নি করা হয়। তার থেকে যে আয় হয়, সেটার উপরেই পেনশন নির্ভরশীল। কিন্তু এই নয়া ব্যবস্থার বিরোধী সরকারি কর্মীদের একাংশ এবং বিরোধী দলগুলি। তারা চায়, পুরনো নিশ্চিত পেনশনের বন্দোবস্ত।

নয়া পেনশন নীতি অনুযায়ী, ২০০৪ সালের ১ জানুয়ারি বা তার পর চাকরি শুরু করেছেন, তাঁরা নয়া পেনশন পদ্ধতির আওতায় পড়েন। তবে কোনও রাজ্যে ন্যাশনাল পেনশন স্কিম চালু করা হবে কি না, সংশ্লিষ্ট রাজ্য সরকার সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। সম্প্রতি গুজরাট সরকার একটি নির্দেশিকা প্রকাশ করে জানায়, ২০০৫ থেকে যাঁরা সরকারি চাকরি বা শিক্ষকতায় যোগ দিয়েছেন, তাঁদের ক্ষেত্রে নয়া পেনশন নীতি প্রযোজ্য হবে। এর পরেই আন্দোলন ছড়িয়েছে ওই রাজ্যে। আগামী কয়েক সপ্তাহে তার তীব্রতা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ