‘জীবনের জন্য ধর্ম’ রাজ্য প্রশিক্ষণ শিবির আমানতের
বিশেষ প্রতিনিধি: ২০ ও ২১ অক্টোবর ২০২২ বিগত দু’দিন ব্যাপী ইউনিসেফ ও আমানত ফাউন্ডেশন ট্রাস্টের যৌথ উদ্যোগে কলকাতার সেবা কেন্দ্রে রাজ্যের হিন্দু, মুসলিম, খ্রিষ্টান, বৌদ্ধ, জৈন ও শিখ ধর্মগুরুদের নিয়ে TOT (ট্রেনিং অফ ট্রেনার্স) শিবিরের আয়োজন করা হয় । এই প্রশিক্ষণ শিবিরে ২৩ টি জেলার ৬ টি ধর্মের ধর্মীয় গুরুরা উপস্থিত ছিলেন । ২৩ টি জেলা থেকে প্রায় দুই শতাধিক ধর্মগুরুরা এই শিবিরে যোগদান করেন।

মা ও শিশু স্বাস্থ্য, মা ও শিশুদের পুষ্টি, চাইল্ড প্রোটেকশান, ওয়াটার স্যানিটেশন ও হাইজিন, শিক্ষা ও ডিজাস্টার রিস্ক রেডাকশন ইত্যাদি বিষয় সাইন্টিফিক ম্যাসেজের সঙ্গে ধর্মীয় ম্যাসেজের যোগসুত্র করে ‘ফেইথ ফর লাইফ বা ‘জীবনের জন্য ধর্ম’ বুকলেট বিভিন্ন ভাষায় প্রকাশ করার চূড়ান্ত প্রশিক্ষণ পর্ব শেষ করা হয়।

এই শিবিরে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের ইউনিসেফের প্রধান মুহাম্মদ মহিউদ্দিন, SBCC কনসালটেন্ট দেবাশীষ ভান্ডারী ও মনিকা ময়রা, ইসলাম ধর্মের পক্ষে আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর শাহিদুর রহমান, খ্রিস্টান ধর্মের পক্ষে বিশপ কলেজের অধ্যক্ষ সুনীল এম ক্যালেব, হিন্দু ধর্মের পক্ষে রামকৃষ্ণ বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি ও ফিলোজফি বিভাগের এইচওডি স্বামী জাপাসিদ্ধানন্দ, চিন্ময় মিশনের স্টেট ইনচার্জ ব্রহ্মচারী দিবাকর চৈতন্য, বৌদ্ধ ধর্মের পক্ষে পটারি বিদর্শন শিক্ষা কেন্দ্রের সন্ন্যাসী ভেন প্রঞ্জারক্ষিত ভান্তে, পটারি বিদর্শন শিক্ষা কেন্দ্রের অওদিপের সম্পাদিকা মধুশ্রী চৌধুরী, জৈন ধর্মের পক্ষে স্কলার সুখময় মাঝি, শিখ ধর্মের স্কলার তারশান সিং, আমানত ফাউন্ডেশন ট্রাস্টের চেয়ারম্যান মুহাম্মদ শাহ আলম, জেনারেল সেক্রেটারি জালালউদ্দিন আহমেদ, প্রজেক্ট কো-অর্ডিনেটর দেবরঞ্জন লাই, অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট কো-অর্ডিনেটর চৈতালি মন্ডল প্রমুখ।

জনাব মুহাম্মাদ মহিউদ্দিন সাহেব বলেন, নাইজেরিয়ায় এই ধরনের বুকলেট প্রথম প্রকাশ করা হয় সেটা মানব কল্যাণে খুব ফলপ্রসূ হয়েছে। তারই অনুকরণে পশ্চিমবাংলায় এই ধরনের বুকলেট তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে নাইজেরিয়ার তুলনায় এই বুকলেট আরো বেশি সাইন্টিফিক এবং তথ্যসমৃদ্ধ। প্রায় দু’বছর যাবৎ এই বুকলেটকে কেন্দ্র করে বিভিন্ন হোটেলে, ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্মীয় গুরু ও স্কলারদের নিয়ে একাধিকবার কর্মশালার আয়োজন করে আমানত ফাউন্ডেশন ট্রাস্ট। আশা করা যাচ্ছে ২০২২ সালের ডিসেম্বর মাসে এই বুকলেট আত্মপ্রকাশ করবে। এবং পশ্চিমবাংলা তথা সারা ভারতবর্ষে এই বুকলেট মানুষের কল্যাণার্থে মডেল আকারে প্রকাশ পাবে।
মানুষের কল্যাণার্থে পশ্চিমবাংলায় এই ধরনের বুকলেট প্রথম প্রকাশ করতে চলেছে আমানত ফাউন্ডেশন ট্রাস্ট ইউনিসেফের সহযোগিতায়। এই দুদিনের কর্মশালা ও প্রশিক্ষণ পর্বে উপরিউক্ত টেকনিক্যাল ও সাইন্টিফিক ম্যাসেজগুলি সবার সামনে উপস্থাপনা করেন ইউনিসেফের প্রাক্তন কনসালটেন্ট ইমরান আলি ভূঁইয়া এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ধর্মীয় স্কলাররা সেগুলি সকলের সামনে বিস্তারিত ভাবে ব্যাখ্যা করেন। সভার শেষে প্রত্যেকের হাতে নিজ নিজ ধর্মগ্রন্থের বুকলেট তুলে দেওয়া হয়। প্রত্যেকটি জেলার ডিসট্রিক কো-অর্ডিনেটরদের হাতে বিভিন্ন ধর্মের প্রায় ৩০০০ কপি খসড়া বুকলেট প্রদান করা হয়।আমানত ফাউন্ডেশন ট্রাস্টের চেয়ারম্যান জনাব মুহাম্মদ শাহ আলম সাহেব বলেন, রাজ্যের প্রশিক্ষণ প্রাপ্ত নেতাদের দ্বারা এই প্রশিক্ষণ শিবির ২৩ টি জেলা স্তরে ও জেলাস্তরের নেতাদের দ্বারা ৬৮ টি সাব ডিভিশন স্তরে ও পরবর্তীকালে ৩৪১ টি ব্লক স্তরে ও ওয়ার্ড লেবেলে প্রশিক্ষণ দেওয়া হবে আগামী দিনে । এইভাবে ধীরে ধীরে আমরা পশ্চিমবঙ্গের ১০ কোটি মানুষের কাছে ধর্মীয় নেতাদের মারফত ‘ফেইথ ফর লাইফ বা ‘জীবনের জন্য ধর্ম বুকলেটের মানুষ ভালো থাকার বার্তা পৌঁছে দিতে পারব আশা করি। সবশেষে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সভার সাফল্য কামনা করে সভার সমাপ্তি করা হয়।

