বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

পরিবেশ পত্রিকা ‘জীববৈচিত্র্য সুরক্ষা বার্তা’ প্রকাশ

শেয়ার করুন

নিজস্ব সংবাদদাতা: তিলাবনী পাহাড় বাঁচানোর আন্দোলন থেকে শুরু করে পৃথিবীর সর্ববৃহৎ চড়ুই হত্যাকাণ্ড, কিংবা কঙ্কনা বাঁওর, চূর্ণী, মাথাভাঙ্গা, মরা তোর্ষা, জলঙ্গী নদীর জীববৈচিত্র্য— সবকিছু যেন এক জায়গায়। সাম্প্রতিককালে বাংলা ভাষায় প্রকাশিত পরিবেশ পত্রিকাগুলির মধ্যে ‘জীববৈচিত্র্য সুরক্ষা বার্তা’ একটি পরিচিত নাম। বিজ্ঞান, পরিবেশ নিয়ে দেশব্যাপী তথা পৃথিবীরব্যাপী যে সকল কর্মসূচিগুলি হচ্ছে সেগুলির হদিস মিলছে ‘জীববৈচিত্র্য সুরক্ষা বার্তা’র পাতায়।

বাংলার পরিবেশ সংগঠনগুলির কাজকর্মও নজর কাড়ছে। এই পত্রিকার প্রকাশিতব্য নতুন সংখ্যা ঘিরে ইতিমধ্যে উৎসাহ তৈরি হয়েছে। পত্রিকার সম্পাদক দীপাঞ্জন দে জানাচ্ছেন, “আমাদের পত্রিকার এই সংখ্যাটি আগের সংখ্যাগুলির মতোই যত্ন নিয়ে করা হয়েছে। এই সংখ্যায় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের পরিবেশ আন্দোলনের কথা আমরা সাধ্যমত তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের এই সংখ্যায় যে সকল লেখকদের লেখা থাকছে তাদের প্রত্যেককে পত্রিকার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।”

Advertisement

‘জীববৈচিত্র্য সুরক্ষা বার্তা’-র সংখ্যাগুলিতে নিবন্ধ, প্রতিবেদন, কবিতার পাশাপাশি পরিবেশের বিভিন্ন টুকরো খবরও থাকে, যেগুলি অনেককে আকৃষ্ট করে। ছবিসহ পরিবেশের বিভিন্ন বিষয়ের পাঠ নেওয়ার সুযোগ হয় বলে ছোটদের কাছেও এই পত্রিকা বিশেষভাবে গ্রহণীয়। বাংলা ভাষায় প্রকাশিত ত্রৈমাসিক পরিবেশ পত্রিকা ‘জীববৈচিত্র্য সুরক্ষা বার্তা’ (Bio-diversity Conservation News Letter)-র প্রকাশক হলেন দীপককুমার দাঁ, গোবরডাঙা গবেষণা পরিষৎ।

গোবরডাঙা জীববৈচিত্র্য ব্যবস্থাপনা সমিতির মুখপত্র হিসেবে ২০২০ সাল থেকে এই পত্রিকা প্রকাশ পাচ্ছে। প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন পশ্চিমবঙ্গ জীববৈচিত্র্য পর্ষদের অধ্যাপক অশোককান্তি সান্যাল। পত্রিকার উপদেষ্টামণ্ডলী এবং সম্পাদকমণ্ডলীতেও বহু গুণী মানুষ রয়েছেন। যুগ্ম সম্পাদক হিসেবে রয়েছেন মৃণাল বিশ্বাস ও তন্ময় ধর। ‘জীববৈচিত্র্য সুরক্ষা বার্তা’র প্রধান সম্পাদকের পদ অলংকৃত করছেন প্রাণীবিজ্ঞানী সিদ্ধার্থনারায়ণ জোয়ারদার। সম্পাদনার দায়িত্বে রয়েছেন পরিবেশকর্মী দীপাঞ্জন দে।

‘জীববৈচিত্র্য সুরক্ষা বার্তা’র টিম তাদের পত্রিকার মধ্যে দিয়ে ধারাবাহিকভাবে জীববৈচিত্র্যর ডকুমেন্টেশনের কাজ চালিয়ে যাচ্ছেন। পত্রিকার প্রথম বছর অর্থাৎ ২০২০ সালে করোনা অতিমারির কারণে ‘জীববৈচিত্র্য সুরক্ষা বার্তা’-র চারটি সংখ্যা একসাথে (জানুয়ারি-ডিসেম্বর ২০২০) প্রকাশ পেয়েছিল। পত্রিকার দ্বিতীয় বর্ষে প্রথম ও দ্বিতীয় (যুগ্ম) সংখ্যা এবং তৃতীয় ও চতুর্থ (যুগ্ম) সংখ্যা হিসেবে প্রকাশ পায়।

২০২২ সালে এই পত্রিকা তৃতীয় বর্ষে পদার্পণ করেছে। তৃতীয় বর্ষে এই পত্রিকার একটি যুগ্ম সংখ্যা এবং একটি একক সংখ্যা এপর্যন্ত প্রকাশ পেয়েছে। তৃতীয় বর্ষের প্রথম ও দ্বিতীয় (যুগ্ম) সংখ্যা (জানুয়ারি-মার্চ, এপ্রিল-জুন ২০২২) কৃষ্ণনগরের গ্রেস কটেজে আয়োজিত প্রথম পরিবেশ মেলায় ১৩ ফেব্রুয়ারি ২০২২ প্রকাশিত হয়। ‘জীববৈচিত্র্য সুরক্ষা বার্তা’-র তৃতীয় বর্ষের তৃতীয় সংখ্যাটি (জুলাই-সেপ্টেম্বর ২০২২) বিশ্ব পরিবেশ দিবসে ৫ জুন ২০২২ — রানাঘাট পৌরসভায় আয়োজিত নদিয়া পরিবেশ মঞ্চের দ্বিতীয় পরিবেশ মেলায় প্রকাশিত হয়। নভেম্বর ২০২২ ‘জীববৈচিত্র্য সুরক্ষা বার্তা’-র আগামী সংখ্যা প্রকাশ পেতে চলেছে। সকলে এখন সেটির প্রতীক্ষায় রয়েছে। ক্রমান্বয়ে এই পত্রিকা পাঠকদের কাছে নিজের স্বতন্ত্র জায়গা করে নিচ্ছে বলে পত্রিকার সদস্যরা বিশেষভাবে উৎসাহী।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ