সহগলকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে পারবে ইডি নির্দেশ দিল্লির এক আদালতের
বাংলার জনরব ডেস্ক : গরুপাচার মামলায় আরও বিপাকে পড়লেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল।আজ সোমবার দিল্লির একটি আদালত জানিয়ে দিল, অনুব্রতের দেহরক্ষী সহগলকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে পারবে ইডি। এ ব্যাপারে দিল্লির আদালতে আবেদন করেছিল আর্থিক তছরূপের তদন্তকারী কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দিল্লির রউস অ্যাভিনিউ কোর্ট। সেই আবেদন মঞ্জুর করেছে। ইডি সূত্রে খবর, মঙ্গলবারই সহগলকে বাংলা থেকে নিয়ে যাওয়া হতে পারে দিল্লিতে।
প্রসঙ্গত, গরু পাচার সংক্রান্ত মামলাতেই অনুব্রতের দেহরক্ষীকে হেফাজতে নিয়েছে ইডি। এই সংক্রান্ত মামলা চলছিল দিল্লি হাই কোর্টেও। ইডিই ওই মামলা করেছিল। পাশাপাশি আরও একটি মামলা চলছিল কলকাতা হাই কোর্টে। গত ১১ অক্টোবর হাই কোর্টে সহগলকে দিল্লি নিয়ে যাওয়া অনুমতি চাইলে ইডিকে আদালত বলেছিল, দিল্লিতে নিয়ে গিয়ে সহগলকে জেরা করার প্রয়োজন কী? ইডির আইনজীবী পাল্টা যুক্তি দেন, মামলা দিল্লিতে বলেই তাঁরা নিয়ে যেতে চান সেখানে। এর পরই বিচারপতি জানিয়ে দেন, দিল্লি হাই কোর্ট যদি হাজিরা দিতে বলে, যদি ওয়ারেন্ট দেখাতে পারেন, তবে অনুমতি দেওয়া যেতে পারে। সেই অনুমতিই মিলল সোমবার।

গরু পাচার মামলায় অভিযুক্ত জেলবন্দি তৃণমূল নেতা অনুব্রতের দেহরক্ষী সহগলকে গত ৭ অক্টোবর আসানসোল জেলে নিয়ে ইডির আধিকারিকরা দীর্ঘ সময় ধরে জেরা করেন। তার পর তাঁকে গ্রেফতার করা হয়। যদিও আসানসোল আদালত এই গ্রেফতারিকে মান্যতা দেয়নি। ইডির মামলাও শোনেননি বিচারক। এর পরই ইডি হাই কোর্টের দ্বারস্থ হয়। আদালতের অবসরকালীন বেঞ্চে মামলাটি ওঠে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে মামলাটি শোনা হয়। কিন্তু হোসেনকে দিল্লি নিয়ে যাওয়ার ইডির আবেদন খারিজ করে দেয় কলকাতা হাই কোর্ট।

