প্রাথমিকে নিয়োগ দুর্নীতির তদন্তে সল্টলেক, কৈখালি, বারাসাত, রাজাবাজার, কলেজ স্কোয়ার-সহ ৬টি জায়গায় একযোগে তল্লাশি চালাল ইডি
প্রাথমিকে নিয়োগ দুর্নীতির তদন্তে ( Bengal Recruitment scam ) ইডি-র তত্পরতা চোখে পড়ার মতো। সল্টলেক, কৈখালি, বারাসাত, রাজাবাজার, কলেজ স্কোয়ার-সহ ৬টি জায়গায় একযোগে তল্লাশি আজ শনিবার চালায় ইডি। ইডি সূত্রে খবর, মানিক ভট্টাচার্যকে জেরা করে এই সমস্ত জায়গায় অভিযান চালানো হচ্ছে।
২০১৭-য় বন্ধ হয়ে যাওয়া কলেজ স্কোয়ারের অফিসের ঠিকানা ব্যবহার করে একাধিক অফিস খুলেছিলেন মানিক ভট্টাচার্যর ঘনিষ্ঠ তাপস মণ্ডল। দাবি বাড়ি মালিকের। এদিন কলেজ স্কোয়ারের শ্রী গোপাল মল্লিক লেনে ওই বাড়িতে হানা দেয় ইডি। বাড়ি মালিকের দাবি, মিনার্ভা এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি ও অ্যাম্বিশন স্টাডি সেন্টার নামে দুটি অফিস খোলা হয়েছিল। সংস্থার মালিক তাপস মণ্ডল সম্পর্কে নানা ধরনের অভিযোগ ওঠায়, তাঁকে বাড়ি ছাড়তে বলা হয় বলে বাড়ির মালিকের দাবি।
অন্যদিকে, শনিবারই সল্টলেকের মহিষবাথানের অফিস ও বারাসাতের দেবীপুরে প্রশিক্ষণ কেন্দ্রের মালিকের বাড়িতে তল্লাশি অভিযান। মহিষবাথানে শাটারের তালা ভেঙে ও বারাসাতে দরজা বন্ধ থাকায় কার্যত পাঁচিল টপকে ঢোকেন ইডি-র অফিসাররা। সব জায়গায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনী।

