Covid-19: সোম থেকে কী বন্ধ হচ্ছে শিক্ষা-প্রতিষ্ঠান – লোকাল ট্রেন ? করোনা পরিস্থিতি নিয়ে ছুটির দিনেও বৈঠকে বসছেন আধিকারিকরা!
বাংলার জনরব ডেস্ক : বাংলায় আনুপাতিক হারে করোনা সংক্রমণ বাড়ছে । রাজ্যের স্বাস্থ্য দফতরের আধিকারিকরা মনে করছেন, করোনা তৃতীয় ঢেউ বাংলায় এসে গেছে , যদিও সরকারিভাবে ঘোষনা হয়নি তবু স্বাস্থ্য দফতর সর্তকতা অবলম্বন করে চলেছে । জানা গেছে, আজ ছুটির দিন রবিবার বিকেলেই নবান্নে স্বাস্থ্য দফতরের আধিকারিকরা মুখ্য সচিবের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন । পরিস্থিতি খতিয়ে দেখার পর আজ রবিবারই নির্দিষ্ট কিছু বিধি নিষেধ জারি হতে পারে ।
সূত্রের খবর স্কুল-কলেজ সহ শিক্ষাপ্রতিষ্ঠান আপতত বন্ধ করার সিদ্ধান্ত হতে পারে। লোকাল ট্রেন ও মেট্রো পরিষেবা নিয়েও ইতিমধে মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখ্য সচিবের আলোচনা হয়েছে বলে কলকাতা থেকে প্রকাশিত ডিজিটাল আনন্দবাজার জানিয়েছে।আজ রবিবার বিকেলে ওই বিষয়ে ঘোষণা করতে পারেন মুখ্যসচিব।

বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিয়েছিলেন, করোনা সংক্রমণের কারণে সোমবার থেকে কিছু কিছু বিধিনিষেধ আবার চালু করা হতে পারে। তেমন হলে স্কুল কলেজ-সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিছু দিনের জন্য ছুটি ঘোষণা করা হতে পারে রাজ্যে। এমনকি শনিবার ওই বিষয়ে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে আলোচনাও করেন মুখ্যমন্ত্রী। সেই প্রেক্ষিতে রবিবার নবান্নের ওই বৈঠক গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
তবে নবান্নের একটি সূত্র জানাচ্ছে, এখনই ‘আংশিক লকডাউন’ বা ‘কঠোরতম বিধিনিষেধ’ জারির কথা ভাবছে না রাজ্য। কিছু কিছু শহর থেকে বিমান চলাচলেও নিয়ন্ত্রণ হতে পারে। এখনই হয়তো বন্ধ হচ্ছে না ট্রেন, বাস বা মেট্রো পরিষেবা। আপাতত ধাপে ধাপে বিধিনিষেধ জারি করা হবে এবং আগামিদিনে পরিস্থিতি বুঝে তা আরও বাড়ানো হতে পারে।

