দেশ 

স্ট্যালিন – শরদ পওয়ারের দুয়ারে সোনিয়া রাহুল মমতা!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : আসন পুনর্বিন্যাস বিলে ভোট নয়! এই আর্জি নিয়ে এমকে স্ট্যালিন এবং শরদ পওয়ারের দুয়ারে যাচ্ছেন সনিয়া গাঁধী, রাহুল গাঁধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়েরা। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, বিরোধী জোট ‘ইন্ডিয়া’র শীর্ষ নেতৃত্ব দিল্লি থেকে বিমানে প্রথমে চেন্নাই যাবেন। সেখানে ডিএমকে প্রধান স্ট্যালিনের সঙ্গে সাক্ষাতের পর রবিবার রাতেই মুম্বই রওনা দেবেন তাঁরা। সেখানে তাঁরা দেখা করবেন এনসিপি (এসপি) প্রধান শরদ পওয়ারের সঙ্গে।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’-র এই প্রতিনিধিদলে কংগ্রেসশাসিত দুই রাজ্য তেলঙ্গানা এবং কর্নাটকের মুখ্যমন্ত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আরজেডি এবং এসপি-র নেতারাও আছেন বলে জানা গিয়েছে।

রবিবার বেলায় সমাজমাধ্যমে একটি পোস্ট করে রাহুল লিখেছেন, “‘ইন্ডিয়া’ ব্লকের প্রবীণ নেতারা এবং আমি এমকে স্ট্যালিনের সঙ্গে দেখা করতে যাচ্ছি। এই সংবিধান সংশোধনী বিলের বিরোধিতা করার জন্য তাঁকে অনুরোধ করব।” একই সঙ্গে স্ট্যালিনের প্রশংসা করে রাহুল লেখেন, “তামিল-বিরোধী শক্তির বিরুদ্ধে সর্বদা রুখে দাঁড়িয়েছেন স্ট্যালিন। তামিলনাড়়ু এবং দেশের স্বার্থে আমরা সংবিধানকে রক্ষা করবই। সবাই মিলে এই বিলকে হারাতে হবে।”

‘ভাই’ রাহুলকে জবাব দিয়েছেন তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী স্ট্যালিনও। সংবিধান এবং রাজ্যের স্বার্থরক্ষায় ডিএমকের অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য রাহুলকে ‘আন্তরিক ধন্যবাদও’ জানিয়েছেন তিনি। সমাজমাধ্যমে রাহুলের পোস্ট শেয়ার করে স্ট্যালিন লিখেছেন, “তামিলনাড়ু এবং সেখানকার জনগণের কথা মাথায় রেখেই আমরা সর্বদা সিদ্ধান্ত নিয়ে থাকি। আমরা এই পথ থেকে সরব না। আমি আশাবাদী ইতিহাস আমাদের বীর যোদ্ধা হিসেবেই মনে রাখবে, বিশ্বাসঘাতক হিসেবে নয়।”

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, বেলা ১১টা নাগাদ দিল্লি থেকে দু’টি বিমানে চেপে চেন্নাই গিয়েছেন বিরোধী জোটের নেতারা। একটিু বিমানে রয়েছেন, খড়্গে, সনিয়া, অভিষেক, কপিল সিব্বল, সিপিএমের সাধারণ সম্পাদক এমএ বেবি।

অন্য বিমানটিতে রয়েছেন রাহুল, কর্নাটকের মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার, তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি, কেরলের মুখ্যমন্ত্রী ভিডি সতীশন। দুপুর ২টোয় চেন্নাইয়ে স্ট্যালিনের বাসভবনে বৈঠকের পর সন্ধ্যা ৮টা নাগাদ মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে যাওয়ার কথা রাহুল-মমতাদের। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন পওয়ার। বিরোধী নেতাদের সঙ্গে থাকতে পারেন শিবসেনা (ইউবিটি)-র প্রধান তথা মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেও।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ