লোকসভার আসন বৃদ্ধির বিশেষ অধিবেশনে তৃণমূল সাংসদদের প্রতি হুইপ জারি করলেন অভিষেক, চাপে দলছুট সাংসদরা
বাংলার জনরব ডেস্ক : লোকসভার আসন বৃদ্ধির বিশেষ অধিবেশনে এবার তৃণমূল কংগ্রেসের সাংসদদের উদ্দেশ্যে হুইপ জারি করলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভায় মোট ২৮ জন সাংসদ রয়েছে তৃণমূল কংগ্রেসের যদিও এদের মধ্যে ২০ জন সাংসদ এন সি পি আই তে যোগ দিয়েছেন। কিন্তু এখনো পর্যন্ত এন সি পি আই দলটি স্বীকৃতি পায়নি স্পিকার এর কছ থেকে। স্বাভাবিকভাবেই ২৮ জন তৃণমূলের সাংসদ ধরে নিয়ে হুইপ জারি করা হয়েছে।
আর তাই বিলের বিরোধিতায় নজর রেখে সকল সাংসদের উদ্দেশে তিন লাইনের হুইপ জারি করলেন লোকসভায় মমতা শিবিরের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেহেতু দলের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাসপেন্ডেড, তাই অভিষেকই তা হুইপ জারি করেছেন।
শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে জারি হওয়া তিন লাইনের হুইপে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সমস্ত সাংসদকে আগামী ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত লোকসভার অধিবেশনে হাজির থাকতে হবে। কোনও কারণেই অনুপস্থিতি গ্রহণযোগ্য নয়। লোকসভায় বিশেষ অধিবেশনের এই কয়েকটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলীয় লাইন মেনে, তাকে সমর্থন করতে ওইদিনগুলিতে সংসদে হাজির থাকতেই হবে।
উল্লেখযোগ্য বিষয় হল, অভিষেকের এই হুইপ ২৮ জন ‘তৃণমূল’ সাংসদের জন্যই প্রযোজ্য বলে মনে করা হচ্ছে। কারণ, এখনও কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়রা এনসিপিআই হিসেবে আলাদা করে স্বীকৃতি পাননি। ফলে তাঁরা খাতায়-কলমে এখনও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের। এই অবস্থায় অভিষেকের হুইপ অমান্য করলে দল তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারে। শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে তৃণমূলত্যাগী এনসিপিআই-তে যোগ দেওয়া শতাব্দী রায় জানিয়েছেন, তিনি মহিলা সংরক্ষণ বিলে সমর্থন জানাবেন। শতাব্দীর মতো অন্যান্যরাও হয়ত দুই বিলেই এনডিএ-কে সমর্থন জানাবেন।
এই মুহূর্তে মমতা তৃণমূলের সঙ্গে মাত্র ৮ সাংসদ – অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, সৌগত রায়, প্রতিমা মণ্ডল, কীর্তি আজাদ, শত্রুঘ্ন সিনহা। মনে করা হচ্ছে, অভিষেকের এই হুইপের পালটা আলাদা করে এনসিপিআইও নিজেদের সদস্যদের জন্য হুইপ জারি করতে পারে।

