দেশ 

“আমরা নারীশক্তিকে একটি প্রতিশ্রুতি দিয়েছি। তা পূরণ করতে আমরা সংকল্পবদ্ধ” : মোদি

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : লোকসভার আসন পুনর্বিন্যাস সংসদে পাস হওয়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। একই সঙ্গে সংসদ এবং রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের আসন সংরক্ষণ নিয়ে ফের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানালেন, ‘নারীশক্তির’ উদ্দেশে তাঁর সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে, তা কেন্দ্র পূরণ করবেই। তাঁর কথায়, এটি শুধুই সময়ের অপেক্ষা। শনিবার দুপুরে এক ভিডিয়োবার্তায় প্রধানমন্ত্রী বলেন, “আমরা নারীশক্তিকে একটি প্রতিশ্রুতি দিয়েছি। তা পূরণ করতে আমরা সংকল্পবদ্ধ।”

আগামী সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশনের বর্ধিত পর্ব। সূত্রের খবর, সেখানে সংবিধানের ১৩১তম সংশোধনী বিল (লোকসভার আসন বাড়িয়ে এবং পুনর্বিন্যাস করে মহিলা সংরক্ষণ চালু সংক্রান্ত) পাস করানোর চেষ্টা করতে পারে মোদী সরকার। তার আগে প্রধানমন্ত্রীর এই বার্তা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, “মহিলাদের জন্য ৩৩ শতাংশ (আসন) সংরক্ষণ নিশ্চিত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। দশকের পর দশক ধরে এই লড়াই চলে আসছে। যাঁরা এর জন্য (মহিলাদের সংরক্ষণের জন্য) লড়াই করেছেন, তাঁদের মধ্যে আমিও একজন।”

শনিবার দুপুরে নিজের এক্স হ্যান্ডলে ৫৩ সেকেন্ডের একটি ভিডিয়ো পোস্ট করেন প্রধানমন্ত্রী। মহিলা সংরক্ষণ নিশ্চিত করার বিষয়ে প্রত্যয়ী মোদী। “আমি জানি, নারীশক্তির ১০০ শতাংশ আশীর্বাদ রয়েছে আমাদের উপরে। আমি প্রত্যেক মহিলাকে কথা দিচ্ছি, মহিলা সংরক্ষণের পথে আসা প্রতিটি বাধাকে আমরা অতিক্রম করব,” বলেন তিনি। একই সঙ্গে প্রধানমন্ত্রীর সংযোজন, “যে দলগুলি মহিলা সংরক্ষণের বিরোধিতা করছে, তারা দেশের নারীশক্তিকে সংসদ এবং বিধানসভায় নিজেদের প্রতিনিধিত্ব বৃদ্ধি করা থেকে আটকাতে পারবে না।”

উল্লেখ্য, তিন বছর আগেই মহিলা সংরক্ষণ সংক্রান্ত বিষয়ে সংবিধানের ১০৬তম সংশোধনী বিল সংসদের উভয় কক্ষে পাস করিয়েছিল মোদী সরকার। যার পোশাকি নাম ছিল ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম, ২০২৩’। ২০২৩ সালের সেপ্টেম্বরে কংগ্রেস-সহ বিভিন্ন বিরোধী দলের সহযোগিতা নিয়েই ওই বিল পাস করিয়েছিল কেন্দ্র। এখন লোকসভায় যে ৫৪৩টি আসন রয়েছে, তার এক-তৃতীয়াংশ মহিলাদের জন্য সংরক্ষিত করার কথা ছিল তাতে। সংসদে পাস হওয়ার পর তিন বছর পেরিয়ে গেলেও তা হিমঘরেই রয়ে গিয়েছে।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ