জেলা 

এবার বাংলায় বিসলেরির জলের নমুনায় মিলল ক্ষতিকর জীবাণু, পর পর দু’টো পরীক্ষায় ফেল, আইনি পদক্ষেপের অনুমতি!

শেয়ার করুন

পশ্চিমবঙ্গে বিসলেরির কারখানায় তৈরি জলের নমুনায় মিলেছে জীবাণু। দু’টি গবেষণাগারে পরীক্ষা করা হলেও তা পাশ করতে পারেনি। এমনটাই জানিয়েছে ভারতের খাদ্য নিয়ন্ত্রক সংস্থা ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (এফএসএসএআই)। তার পরেই বিসলেরি ইন্টারন্যাশনালের বোতলবন্দি পানীয় জলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার অনুমতি দিয়েছে এফএসএসএআই। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, এ নিয়ে বিসলেরি এই প্রতিবাদন প্রকাশিত হওয়ার সময় পর্যন্ত কোনও মন্তব্য করেনি।

পিটিআই সূত্রে জানা গিয়েছে, এ রাজ্যের জলপাইগুড়ির তেলিপাড়া গ্রামে বিসলেরির কারখানা থেকে ওই নমুনা সংগ্রহ করা হয়েছিল। সেই নমুনা প্রথমে প্রাথমিক গবেষণাগার এবং পরে অন্য একটি গবেষণাগারে পরীক্ষা করা হয়। দু’জায়গার পরীক্ষাতেই জলের নমুনায় কলিফর্ম জীবাণু মিলেছে। সাধারণত পাইপে ছিদ্র বা ফাটল হলে অথবা নিকাশি ব্যবস্থায় সমস্যা হলে এ ধরনের জীবাণু জলে প্রবেশ করে। বিসলেরির যে নমুনা পরীক্ষা করা হয়েছিল, তা ছিল পিবি ২০১ ব্যাচের। জলের নমুনায় জীবাণু মেলার পরে ২০২৬ সালের ১২ অগস্টের ওই ব্যাচের সব বোতল বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। তবে সংস্থার তরফে এই নিয়ে এখন কোনও মন্তব্য করা হয়নি।

ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে। গোয়ায় বিসলেরি কারখানায় তৈরি প্যাকেটজাত জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষা শুরু করেছিল এফএসএসএআই। প্রাথমিক পরীক্ষায় দেখা যায়, নমুনায় ব্রোমেটের মাত্রা নির্ধারিত সীমার চেয়ে বেশি রয়েছে। এর পর, সংস্থার আবেদনের ভিত্তিতে নমুনাটির দ্বিতীয় দফা পরীক্ষাও করা হয়। দাবি, সেই নমুনাতেও গোলযোগ ছিল। পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বনের (পিএএইচ) উপস্থিতির বিষয়টি প্রকাশ্যে আসে সেই পরীক্ষায়, যার ফলে ‘ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্ট, ২০০৬’-এর আওতায় সেটিকে ‘অসুরক্ষিত’ বলে ঘোষণা করা হয় এবং আইনি পদক্ষেপের অনুমোদন দেওয়া হয়।

ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসার এবং ইউএস ইপিএ-সহ বিশ্বব্যাপী স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক বিভিন্ন সংস্থা ব্রোমেটকে এমন একটি উপাদান হিসেবে চিহ্নিত করেছে, যার ফলে মানুষের শরীরে ক্যানসার বাসা বাঁধতে পারে। ফলে, স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠতে শুরু করে, বিসলেরির মতো নামী সংস্থার পানীয় জলে যদি এই ধরনের উপাদান পাওয়া যায়, তা হলে ট্রেনে-বাসে পথচলতি মানুষ যে জল কিনে খান, তার গুণগত মান কী রকম?

যদিও বিসলেরি সেই দাবি মানেনি। বিসলেরির দাবি, গোয়ার কারখানায় ২০২৫ সালের ২৭ সেপ্টেম্বর তৈরি জিও ২৭০ ব্যাচের ক্ষেত্রেই খাদ্য নিয়ন্ত্রক সংস্থার বিক্রি নিষিদ্ধ করার নির্দেশ প্রযোজ্য। সংস্থার বক্তব্য, ২৩ নভেম্বর খাদ্য নিয়ন্ত্রক সংস্থার পুনঃপরীক্ষায় ওই নমুনায় ব্রোমেটের মাত্রা নির্ধারিত সীমার মধ্যে পাওয়া গিয়েছে। আরও দাবি, একই ব্যাচের ছ’টি নমুনার মধ্যে একটি নমুনায় পিএএইচ পাওয়া গেলেও অন্য একটি নমুনা সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ