জেলা 

‘চিকিৎসার জন্য আর ভিনরাজ্যে নয়’, রাজ্যে আরও ৪ মেডিক্যাল কলেজ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : অন্ডালে বেসরকারি ক্যানসার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকেই রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করার প্রতিশ্রুতি দিলেন তিনি। জানালেন, বাংলায় গড়ে উঠবে আরও ৪ মেডিক্যাল কলেজ। ইতিমধ্যেই যার অর্থ বরাদ্দও করা হয়েছে। এছাড়া ক্যানসার-সহ দূরারোগ্য রোগের দামি ওষুধ সস্তায় দিতে খোলা হবে অমৃত মেডিসিন সেন্টার।

পালাবদলের পরই স্বাস্থ্য পরিষেবাকে ঢেলে সাজানোর কাজ শুরু করেছে সরকার। উদ্দেশ্য একটাই, আমজনতা যেন অল্প খরচে সঠিক চিকিৎসা পান। ইতিমধ্যেই নিউটাউনে হাসপাতাল তৈরি শুরু করেছে আদানিরা। যেখানে দরিদ্রদের জন্য বিনামূল্যে রাখা হচ্ছে ১০০০ বেড। শুক্রবার অন্ডালে বেসরকারি ক্যানসার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন হল। তৈরি হবে ৫০০ শয্যার হাসপাতাল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই মঞ্চ থেকেই আমজনতার চিকিৎসার লক্ষ্যে কী কী করা হয়েছে, আগামীতে কী পরিকল্পনা রয়েছে, তা তুলে ধরলেন।

এদিন শুভেন্দু বলেন, “রাজ্যের সাড়ে ৮ কোটি মানুষকে পাঁচলাখ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে সাড়ে ৬ কোটি আয়ুষ্মান ভারতের আওতায়। বাকি যারা এই স্কিমের মধ্যে আসছেন না, তাঁদের জন্য মুখ্যমন্ত্রী হেলথ স্কিম।”

তিনি আরও বলেন, ক্যানসার-সহ দূরারোগ্য রোগের দামি ওষুধ কিনতে গিয়ে নাভিশ্বাস ওঠে নিম্ন ও মধ্যবিত্তদের। সেই কারণেই ওষুধ সস্তায় দিতে খোলা হবে অমৃত মেডিসিন সেন্টার। সমস্ত হাসপাতালে এই স্টোর করা হবে।

এরপরই তৃণমূল সরকারকে নিশানা করেন শুভেন্দু। বলেন, “আগের সরকার তিনবেলার খাবারে ৫৬ টাকা ৪০ পয়সা দিত। এমএলএ, মন্ত্রী, সাংসদদের বেতন বেড়েছে। কিন্তু হাসপাতালের খাবারের বরাদ্দ বাড়েনি। আমরা দায়িত্বে এসেই বাড়িয়ে ১১০ টাকা করেছি। সব হাসপাতালে হার্টের রোগীদের জন্য বিশেষ ব্যবস্থা করা হচ্ছে।” এরপরই বাংলার বাসিন্দাদের চিকিৎসার জন্য ভিনরাজ্যে যাওয়ার প্রবণতা নিয়ে খানিকটা আক্ষেপ করেই তিনি বলেন, “ভিন দেশের বাসিন্দারা চিকিৎসা করাতে বাংলায় আসেন। কিন্তু বাংলার মানুষ যাচ্ছেন ভেলোর। এটা বদল করতে হবে।” মুখ্যমন্ত্রীর আশ্বাস, বাংলার মানুষ সেরা চিকিৎসা পাবেন বাংলাতেই।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ