১৪ হাজার কোটি টাকা খরচে ২৫০ কিলোমিটার রিং রোড তৈরি করা হবে কলকাতায় ঘোষণা নীতিন গড়করির
দেশের পুরনো শহরগুলির মধ্যে অন্যতম কলকাতা। ঘন জনবসতির কারণে এই শহরের অন্যতম বড় চ্যালেঞ্জ ট্রাফিক অর্থাৎ যানজট। এবার তিলোত্তমাকে যানজটমুক্ত করতে উদ্যোগ মোদি সরকারের। মেদিনীপুরে দাঁড়িয়ে শহর কলকাতায় রিং রোড তৈরির ঘোষণা কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতীন গড়করির। তিনি জানান, ১৪ হাজার কোটি টাকা খরচে ২৫০ কিলোমিটার রিং রোড তৈরি করা হবে কলকাতায়। সেই ব্রিজ কেমন দেখতে হবে সেই আভাসও এদিন দেন কেন্দ্রীয়মন্ত্রী। তবে শুধু কলকাতা নয়, গঙ্গাসাগরকেও সড়কপথে যুক্ত করা হবে বলে এদিন জানিয়েছেন নীতীন গড়করি (Nitin Gadkari)।
আজ, বৃহস্পতিবার মেদিনীপুর থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে পাশে নিয়ে একাধিক প্রকল্পের উদ্বোধন করেন কেন্দ্রীয় সড়ক এবং পরিবহণমন্ত্রী নীতীন গড়করি। সেখানেই কলকাতাকে দূষণমুক্ত এবং যানজটমুক্ত করতে কেন্দ্রের পরিকল্পনার কথা তুলে ধরেন। মন্ত্রী বলেন, ”যখন দিল্লিতে শুভেন্দু অধিকারী এসেছিলেন সেই সময়েই বলেছিলাম কলকাতাকে দূষণ এবং যানজটমুক্ত করতে পরিকল্পনা তৈরি করুন। আজ আমি এখান থেকে ঘোষণা করছি কলকাতায় ২৫০ কিলোমিটারের ১৪ হাজার কোটি টাকার রিং রোড তৈরির।” মন্ত্রীর কথায়, এই রিং রোড শুধু শুরু। অনেক কিছু দেখার বাকি। এজন্য দ্রুত রাজ্য সরকারকে ডিপিআর তৈরির কথাও বলেন।
এক্ষেত্রে মুম্বই এবং পুণে মডেলেই যে সরকার কাজ করবে তাও এদিন জানান নীতীন গড়করি। তিনি বলেন, ”দিল্লি, মুম্বইকে আমরা উন্নত শহর হিসাবে তৈরি করেছি। এবার কলকাতার পালা।” কেন্দ্রীয়মন্ত্রী জানান, ” চেন্নাই-পুণেতে এক একটি পিলারে চারটে করে ব্রিজ তৈরি করা হয়েছে। নিচে রাস্তা, উপরে ফ্লাইওভার তার উপরে ফের ফ্লাইওভার, রয়েছে মেট্রোও। কলকাতার জন্যেও এই মডেল বেছে নিতে হবে।” এক্ষেত্রে যেমন মেট্রোর সম্প্রসারণ করা সম্ভব হবে, তেমনই কলকাতাকে যানজটমুক্ত করা যাবে বলেও আশাপ্রকাশ করেন নীতীন গড়করি।
অন্যদিকে গঙ্গাসাগরকেও সড়কপথে যুক্ত করা হবে বলে এদিন মেদিনীপুর থেকে ঘোষণা কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী। মঞ্চে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দিকে তাকিয়ে নীতীন গড়করি বলেন, ”গঙ্গাসাগরকে সড়কপথে জুড়তে আবেদন জানিয়েছিলেন। সেই আবেদন মেনে গঙ্গাসাগরের জন্য বিশেষ রাস্তা তৈরি করা হবে। ফলে গোটা দেশ থেকে আসা পুণ্যার্থীদের সুবিধা হবে।”

