কলকাতা 

গিরিশ পার্ক থানায় অভিষেক! বাইরে তৃণমূল বিজেপি সমর্থকদের ধস্তাধস্তি!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : পুলিশের পাঠানো নোটিশ মোতাবেক গিরিশ পার্ক থানায় ২০ নভেম্বর, শুক্রবার হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। তাতেই জিজ্ঞাসাবাদের জন্য অভিষেককে শুক্রবার তলব করেছে গিরিশ পার্ক থানা। তিনি বেলা সাড়ে ১২টার পর কালীঘাটের বাড়ি থেকে রওনা দেন। থানায় পৌঁছোন ১টা নাগাদ।

অভিষেক হাজিরা দেওয়ার আগে থেকেই গিরিশ পার্ক থানার সামনে জড়ো হয়েছিলেন মমতা তৃণমূলের সমর্থকেরা। রয়েছেন দলের আইটি সেলের প্রধান উপাসনা চৌধুরীও। তাঁরা জানিয়েছেন, সাংসদ যত ক্ষণ না থানা থেকে বেরোচ্ছেন, তাঁরা সেখানেই থাকবেন। পুলিশকে কাজে লাগিয়ে রাজনৈতিক কারণে অভিষেককে হেনস্থা করা হচ্ছে বলেও দাবি করেছেন উপাসনারা। অভিষেক পৌঁছোনোর পর থানার সামনে তাঁর পক্ষে স্লোগান দেন কালীঘাটপন্থী সমর্থকেরা। কিছু ক্ষণ পরে সেখানে পৌঁছে যান বিজেপি সমর্থকেরাও। অভিষেক এবং কালীঘাট তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন তাঁরা। পরিস্থিতি উত্তপ্ত রয়েছে। কুণাল ঘোষ সমাজমাধ্যমে সেই ভিডিয়ো পোস্ট করে লিখেছেন, ‘‘অবিলম্বে পুলিশের হস্তক্ষেপ প্রয়োজন।’’

নাম না-করে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা-সহ পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে কিছু মন্তব্য করার অভিযোগ উঠেছে অভিষেকের বিরুদ্ধে। অভিযোগ, তিনি পুলিশকে হুমকি দিয়েছেন। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে গিরিশ পার্ক থানায় যান এক মহিলা। তার ভিত্তিতে পুলিশ এফআইআর রুজু করে তদন্ত শুরু করে।

বস্তুত, পুলিশকে হুমকি দেওয়া এবং পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারকে ব্যক্তিগত আক্রমণের অভিযোগ আগেও উঠেছিল অভিষেকের বিরুদ্ধে। গত অক্টোবরে তাঁকে বলতে শোনা যায়, পক্ষপাতদুষ্ট পুলিশ আধিকারিকদের নাম লিখে রাখা হচ্ছে। ভবিষ্যতে সমস্ত হিসাব নেওয়া হবে। অভিষেক এ-ও বলেছিলেন, ‘‘পশ্চিম মেদিনীপুরের পুলিশ এসপি, তাঁর কোথায় কোন আইনজীবীর সঙ্গে সম্পর্ক, সর্বজনবিদিত।’’


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ