দেশ 

ঘূর্ণিঝড় ‘অ্যাকভানের’ দুর্যোগের আশঙ্কায় উপকূলীয় এলাকা থেকে বাসিন্দাদের সরালো ওড়িশা সরকার!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : ঘূর্ণিঝড় ‘অ্যাকভানের’ দুর্যোগের আশঙ্কায় উপকূলীয় এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরাতে শুরু করেছে ওড়িশার প্রশাসন। বুধবার রাত পর্যন্ত প্রায় ৫০ হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। শক্তিশালী এই ঘূর্ণিঝড় গতিপথ ঘুরিয়ে পশ্চিমবঙ্গের দিকে কিছুটা এগিয়ে এসেছে।

প্রথমে অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়ার কথা থাকলেও গতিপথ বদলের পরে ল্যান্ডফল হতে পারে পুরীর কাছাকাছি। তার প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গের উপরেও। ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। কোথাও কোথাও অতি ভারী বর্ষণও হতে পারে।

মৌসম ভবনের বৃহস্পতিবার সকালের বুলেটিন অনুযায়ী, ঘূর্ণিঝড়টি রয়েছে পুরী থেকে ৫৯০ কিলোমিটার এবং গোপালপুর থেকে ৫৩০ কিলোমিটার দক্ষিণে। অন্ধ্রপ্রদেশের নরসাপুর থেকে এটি ৪৪০ কিলোমিটার পূর্ব এবং দক্ষিণ-পূর্ব দিকে রয়েছে ঘূর্ণিঝড়টি। সর্বশেষ তথ্য অনুযায়ী, ‘অ্যাকভান’ ঘণ্টায় ১২ কিলোমিটার বেগে উত্তর দিকে এগোচ্ছে।এটি শুক্রবার দুপুরে পুরী এবং নরসাপুরের মাঝামাঝি কোনও অঞ্চলে আছড়ে পড়তে পারে। সে সময়ে উপকূলীয় অঞ্চলে বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৯০-১০০ কিলোমিটার। কখনও কখনও ঘণ্টায় ১১০ কিলোমিটার বেগেও ঝড় বইতে পারে।

বাংলায় দুর্যোগের আশঙ্কা কাটছে না। আখভানের প্রভাবে বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া এবং হুগলি জেলায় তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কয়েকটি এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘন ঘন বজ্রপাতের আশঙ্কাও থাকছে।

শুক্রবার ঘূর্ণিঝড়ের ‘ল্যান্ডফলের’ দিনে দুই মেদিনীপুরেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতেও ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার উপকূলীয় দুই জেলা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ৪০-৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ