অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শোকজ করল কলকাতা হাইকোর্ট
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এ বার শোকজ় করল কলকাতা হাই কোর্ট। বিচারপতিদের প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ওই ঘটনাতেই এ বার ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে পদক্ষেপ করল আদালত। ১৫ দিনের মধ্যে তাঁকে জবাব দিতে বলেছে হাই কোর্ট।
সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিচারবিভাগের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অভিষেক। তা নিয়ে আগেই উষ্মাপ্রকাশ করেছিল আদালত। বিচারপতি কৃষ্ণ রাও এ প্রসঙ্গে গত বৃহস্পতিবার বলেছিলেন, কোন কোন বিচারপতি বিজেপির সঙ্গে রয়েছেন, তাঁর তালিকা দিন অভিষেক। মঙ্গলবার বিচারপতি রাওয়ের পর্যবেক্ষণ, অভিষেকের ওই বক্তব্য ফৌজদারি আদালত অবমাননার শামিল। এর জন্য কেন তাঁর বিরুদ্ধে সাজা দেবে না আদালত, তার জবাব দিতে বলা হয়েছে সাংসদকে।
নিরাপত্তা কমিয়ে দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে একটি মামলা করেছেন অভিষেক। গত বৃহস্পতিবার ওই মামলার শুনানি চলাকালীনই সাংসদের এই বিতর্কিত মন্তব্যের প্রসঙ্গ ওঠে এজলাসে। রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য আদালতে অভিষেকের একটি সাক্ষাৎকারের কথা তুলে ধরেন। দাবি করেন, ওই সাক্ষাৎকার আদালত অবমাননার শামিল।

