বেড়াচাঁপা বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউটে দুই দিন ধরে সাড়ম্বরে পালিত হলো শিশু দিবস
বেড়াচাঁপা, উত্তর ২৪ পরগনা: বেড়াচাঁপা বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউটে (বিএমসিআই) দুই দিন ধরে অত্যন্ত আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো শিশু দিবস। উৎসবের প্রথম দিনে স্কুলের খুদে পড়ুয়ারা ছড়া বলা, কবিতা আবৃত্তি, গল্প বলা, ছবি আঁকা, নাচ এবং মেন্টাল গেমের মতো নানা সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। পাশাপাশি, কচিকাঁচারা ডাক্তার, উকিল ও শিক্ষক সহ বিভিন্ন পেশার পোশাকে সেজে উঠে নিজেদের ভবিষ্যতের স্বপ্নকে তুলে ধরে এবং প্রতিযোগিতার শেষে কৃতী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন বিদ্যালয়ের শিক্ষিকারা।
উৎসবের দ্বিতীয় দিনটি ছিল ভালোবাসা ও সম্প্রীতির এক অনন্য দিন, যেদিন অভিভাবক-অভিভাবিকারা .পরম স্নেহে নিজেদের হাতে শিশুদের চিকেন বিরিয়ানি খাইয়ে দেন; মায়েদের প্রশান্তির হাসি আর শিশুদের তৃপ্তি করে খাওয়া পুরো অনুষ্ঠানটিকে এক অন্য মাত্রায় নিয়ে যায়।
এদিনই ‘অনুসন্ধান সোসাইটি’-র পক্ষ থেকে বিশিষ্ট বিজ্ঞানী ডঃ দিলীপ কুমার সোম খুদে পড়ুয়াদের হাতে-কলমে শিক্ষার প্রসারে বিদ্যালয় কর্তৃপক্ষকে ‘ম্যাথ কিডস্’ উপহার হিসেবে পাঠিয়ে দেন। এই মূল্যবান উপহার পেয়ে বিদ্যালয়ের সম্পাদক সেখ আহাসান আলি ডঃ সোমের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে জানান যে, এই ধরনের উপকরণ শিশুদের হাতে-কলমে অঙ্ক শেখার আগ্রহ বহু গুণ বাড়িয়ে তুলবে এবং সবশেষে তিনি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও শুভানুধ্যায়ীদের সম্মিলিত প্রচেষ্টায় অনুষ্ঠানটি সর্বাঙ্গীণ সফল হওয়ায় সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

