পুরী যাওয়ার বাসে দুর্ঘটনা! ৫৫ জন যাত্রী নিয়ে ট্রাকে ধাক্কা! আহত ১৬
পুরী যাওয়ার বাসে দুর্ঘটনা। ৫৫ জন যাত্রী নিয়ে পশ্চিমবঙ্গ থেকে পুরীর উদ্দেশে রওনা দিয়েছিল বাস। ওড়িশার জাজপুরে শুক্রবার ভোরে সেটি দুর্ঘটনার কবলে পড়ে। সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সজোরে ধাক্কা মারে বাসটি। ওড়িশা টিভির প্রতিবেদন অনুযায়ী, এই দুর্ঘটনায় অন্তত ১৬ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। দু’জনকে উন্নত চিকিৎসার জন্য কটকে পাঠানো হয়েছে।
জাজপুরের যেখানে দুর্ঘটনাটি ঘটেছে, তা বদাচানা থানা এলাকার অন্তর্গত। পুরী থেকে তার দূরত্ব অন্তত ১১৫ কিলোমিটার। দুর্ঘটনার পর বাস থেকে নেমে রাস্তার ধারেই বসে পড়েন যাত্রীরা। কারও মাথা ফেটেছে, কারও হাত বা পায়ে চোট লেগেছে। ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসার বন্দোবস্ত করা হয় কোনও কোনও যাত্রীর। অ্যাম্বুল্যান্সে করে কয়েক জনকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর, পিছন দিক থেকে বাসটি গিয়ে ধাক্কা মেরেছিল ট্রাকে। এর ফলে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রাকটিও।
প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রচণ্ড গতিতে ছুটছিল যাত্রিবাহী বাস। আচমকা চালক নিয়ন্ত্রণ হারান। তবে ঠিক কী ঘটেছিল, কেন বাসটি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল, তা এখনও স্পষ্ট নয়। ওড়িশা পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। বাসচালক বা কন্ডাক্টরের কোনও খবর এখনও পাওয়া যায়নি। যাত্রীদের শারীরিক পরিস্থিতি, আঘাতের পরিমাণও বিশদে জানা যায়নি। দুর্ঘটনার ফলে ওই রাস্তায় দীর্ঘক্ষণ যানজট ছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

