জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

রোডম্যাপ -এর ‘কাণ্ডারী হুঁশিয়ার’ বিশেষ সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ 

শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি, সাঁতরাগাছি: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের অমর সৃষ্টি ‘কাণ্ডারী হুঁশিয়ার’ কবিতার শতবর্ষ পূর্তি উদযাপিত হলো এক বিশেষ আয়োজনের মধ্য দিয়ে। এই উপলক্ষেই প্রকাশিত হলো সাহিত্য ও সমাজচেতনামূলক পত্রিকা ‘রোডম্যাপ’-এর বিশেষ সংখ্যা ‘কাণ্ডারী হুঁশিয়ার’। বুধবার সাঁতরাগাছির খেঁজুরতলা বাসস্টপেজ সংলগ্ন বেঙ্গল এডুরাইজ একাডেমির সভাকক্ষে আয়োজিত এক অনাড়ম্ভর অনুষ্ঠানে এই বিশেষ সংখ্যার আনুষ্ঠানিক উন্মোচন করা হয়।

‘সচেতন হন, সমাজ গড়ুন’ শীর্ষক এক মনোজ্ঞ সেমিনারের মাধ্যমে এদিনের অনুষ্ঠানটির সূচনা হয়। বিকেল তিনটেয় বিশিষ্ট ইতিহাস গবেষক ও লেখক ডা. সেখ নূর মহম্মদের সুলিখিত সূচনা বক্তব্যের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। এরপর রোডম্যাপ পত্রিকার সম্পাদক এম এম আব্দুর রহমান তাঁর সম্পাদকীয় বক্তব্যে পত্রিকার এই বিশেষ সংখ্যা প্রকাশের নেপথ্য ভাবনা ও উদ্দেশ্য তুলে ধরেন।

এর পরপরই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বিশিষ্ট শিক্ষাবিদ তথা বিকাশ ভবনের প্রাক্তন শিক্ষা অধিকর্তা মেচবাহার সেখ এবং অন্যান্য অতিথিবৃন্দ যৌথভাবে ‘কাণ্ডারী হুঁশিয়ার’ বিশেষ সংখ্যার প্রকাশনা সম্পন্ন করেন।

অনুষ্ঠানে বরেণ্য কথাসাহিত্যিক ইসমাইল দরবেশ ছাড়াও উপস্থিত ছিলেন শিশু বিকাশ একাডেমির মহঃ নুরুল হক, ব্যান্ডেল গার্লস মিশনের সেখ জুলফিকার আলি, মেরিটকেয়ার মিশনের মুবাইদুল ইসলাম মোল্লা, আল আমীন শামসুন একাডেমি ও বেঙ্গল এডুরাইজ একাডেমির কর্ণধার সরিফুল হোসেন সরদার ও নাজিমুল হাসান সরদার, বিশিষ্ট শিক্ষিকা ঝুমা দাস, বিশিষ্ট চিকিৎসক ও লেখক আবু সঈদ আহমেদ এবং ডি এম সি কলেজের কর্ণধার হায়দার আলি সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সেমিনারের মূল বিষয়বস্তু ‘সচেতন হন, সমাজ গড়ুন’-এর ওপর আলোকপাত করে প্রধান অতিথি ও আমন্ত্রিত বক্তারা একটি সুস্থ ও প্রগতিশীল সমাজ বিনির্মাণে শিক্ষার অপরিসীম গুরুত্বের কথা জোরালোভাবে তুলে ধরেন। বর্তমান সংকটময় সময়ে শিক্ষিত সমাজের প্রকৃত দায়িত্ব ও কর্তব্য কী হওয়া উচিত এবং নজরুলের বিদ্রোহী কবিতার প্রাসঙ্গিকতা বর্তমান প্রজন্মে কতটা গভীর—তা নিয়ে দীর্ঘ আলোচনা হয়। সন্ধ্যা ছ’টায় অতিথিদের সারগর্ভ আলোচনার মধ্য দিয়ে এই সফল ও প্রাণবন্ত অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ