গাইঘাটায় ধর্ষণ ও খুনে অভিযুক্তের এনকাউন্টারের তদন্তে সিআইডি!
উত্তর ২৪ পরগণার গাইঘাটায় ধর্ষণ ও খুনে অভিযুক্ত প্রহ্লাদ দাসের এনকাউন্টারের ঘটনার তদন্ত করবে সিআইডি। ডিএসপি পদমর্যাদা আধিকারিকের নেতৃত্বে সিআইডির প্রতিনিধি দল ঘটনাস্থল খতিয়ে দেখেন। সূত্রের খবর, কোথায় গুলি চলেছিল, কী ভাবে পালানোর চেষ্টা করেছিলেন অভিযুক্ত, তা বোঝার চেষ্টা করছেন তদন্তকারীরা।
গত ২৫ অক্টোবর গাইঘাটায় ১৭ বছরের এক কিশোরীর দেহ উদ্ধার হয়। আগের রাতে সে বাড়ির কাছেই একটি জলসা দেখতে গিয়েছিল। তার বন্ধুবান্ধব, পরিবারের সদস্যেরাও ছিলেন সেখানে। জলসা অনেক রাত পর্যন্ত চলে। তার পরিবারের দাবি, রাত সাড়ে ১১টা নাগাদ কিশোরীর কাছে একটি ফোন এসেছিল। ফোন পেয়ে সে অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যায়। তার পর আর তার খোঁজ মেলেনি। পরের দিন সকালে উদ্ধার হয়েছিল কিশোরীর বিবস্ত্র ক্ষতবিক্ষত দেহ। পরিবারের দাবি, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে।
প্রাথমিক তদন্তের পরে দেহ উদ্ধারের দিনই মেয়েটির দূর সম্পর্কের আত্মীয় প্রহ্লাদকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের অনুমান, মেয়েটিকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দিয়েছিলেন ওই যুবক। কিশোরী তাতে রাজি না হওয়ায় ভারী কিছু দিয়ে তার মাথায় মারেন। মেয়েটি জ্ঞান হারালে, তার উপরে অত্যাচার চালানো হয়। মেয়েটিকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে এলাকা ছেড়ে পালিয়েছিলেন ওই যুবক। তাঁর শরীরে ধস্তাধস্তি, নখের আঁচড় ইত্যাদি দেখা গিয়েছে বলে দাবি পুলিশ সূত্রের। মাঝরাতে ধৃতকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ।
পুলিশ সূত্রে দাবি করা হয়, ২৭ অক্টোবর রাতে ঘটনার পুনর্নির্মাণ পর্ব শেষে ফেরার সময় পুলিশকর্মীদের উপর হামলা করেন অভিযুক্ত। একটা সময়ে পুলিশেরই রিভলভার কেড়ে নিয়ে পালাতে যান প্রহ্লাদ। পুলিশের দাবি, তিন রাউন্ড গুলি চালান তিনি। জখম হন এক পুলিশকর্মী।

