কালীপুজোর রাতে নিষিদ্ধ বাজি ফাটানোর অভিযোগে ধৃত ২০৫, বাজেয়াপ্ত ২৩৮ কেজি! ট্রাফিক আইন ভাঙায় অভিযুক্ত ৫৯৩
বাংলার জনরব ডেস্ক : কালীপুজোর রাতে গোটা কলকাতা জুড়ে সারারাত ধরে বাজি ফাটলো কার্যত সমস্ত নিয়মকে অগ্রাহ্য করে। তবে কলকাতা পুলিশ তৎপরতা দেখিয়েছে।
কালীপুজোর দিন নিষিদ্ধ বাজি পোড়ানো এবং মানুষের সমস্যা তৈরি করার অভিযোগে গ্রেফতার হয়েছেন ৫৯২ জন। বাজেয়াপ্ত হয়েছে শয়ে শয়ে কেজি বাজিও। নিষিদ্ধ বাজি পোড়ানোর অভিযোগে গ্রেফতারির সংখ্যা গত বারের তুলনায় বেড়েছে। তবে বাজি বাজেয়াপ্ত করা হয়েছে আগের বছরের তুলনায় অনেকটাই কম। নাগরিকদের একটা বড় অংশ শব্দবাজির তাণ্ডব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তা রুখতে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন।
কালীপুজোর রাতে পথ-বিধি ভাঙার অভিযোগে মামলা হয়েছে ৫৯৩টি। তাঁদের মধ্যে কোনও ক্ষেত্রে হেলমেট ছাড়া গাড়ি চালানো হয়েছে। কোনও ক্ষেত্রে চালক মত্ত ছিলেন।
রবিবার বিকেল গড়াতেই শহরের বিভিন্ন প্রান্তে শব্দবাজির দাপট বেড়েছে বলে অভিযোগ। তা রুখতে চলেছে অভিযানও। কলকাতা পুলিশ জানিয়েছে, রবিবার, কালীপুজোর রাতে নিষিদ্ধ বাজি পোড়ানোর অভিযোগে গ্রেফতার হয়েছেন ২০৫ জন। অসংযত আচরণ করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৩৮৭ জনকে। কালীপুজোর রাতে মোট গ্রেফতার ৫৯২ জন। গোটা দিনে শহরের বিভিন্ন প্রান্ত থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ২৩৮.৬ কেজি নিষিদ্ধ বাজি। ৬ লিটার বেআইনি মদও বাজেয়াপ্ত করেছে পুলিশ।
২০২৫ সালে নিষিদ্ধ বাজি পোড়ানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছিল ১৮৩ জনকে। অসংযত আচরণের জন্য ৪৫১ জন এবং জুয়া খেলার জন্য ৬ জনকে গ্রেফতার করা হয়েছিল। গোটা শহর থেকে বাজেয়াপ্ত করা হয়েছিল ৮৫২.৪৫ কেজি বাজি। ৬৮.৪ লিটার বেআইনি মদও বাজেয়াপ্ত করা হয়েছিল গত বছর।
চলতি বছর কালীপুজোর রাতে হেলমেট ছাড়া দু’চাকা চালানোর জন্য ৩৩২ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। চালকের পিছনের আসনে বসে হেলমেট না-পরার জন্য ১২২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বেপরোয়া ভাবে গাড়ি চালানোর জন্য ৭৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মত্ত অবস্থায় গাড়ি চালানোর জন্য ৬৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে কালীপুজোর রাতে। পথ-বিধি ভাঙার জন্য ৫৯৩টি মামলা হয়েছে রবিবার। গত বছর পথ-বিধি ভাঙার অভিযোগে ৮৮২টি মামলা দায়ের হয়েছিল।

