কলকাতা 

নন্দীগ্রামে সে দিন পা ভাঙেনি মমতার! এ বারে নথি দেখিয়ে শুভেন্দু বললেন, ‘মিথ্যা প্রচার করার অভিযোগে তদন্ত হবে’

শেয়ার করুন

পাঁচ বছর আগে বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রামে গিয়ে পা ভাঙা নিয়ে ‘মিথ্যা দাবি’ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়! শনিবার ফের এক বার এই অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে ঘোষণা করে দিলেন, ‘মিথ্যা প্রচারের’ জন্য তদন্তও শুরু করবে রাজ্য সরকার।

২০২১ সালের বিধানসভা ভোটের প্রচারে নন্দীগ্রামে গিয়ে আহত হন মমতা। সে বার পায়ে প্লাস্টার নিয়ে ভোটের প্রচার করেছিলেন তিনি।

মুখ্যমন্ত্রী শুভেন্দু বলেন, “২০২১ সালে পুরো নন্দীগ্রামকে মুখ্যমন্ত্রী (তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা) অপমান করেছিলেন— তাঁর পা নাকি ভেঙে দেওয়া হয়েছে।” এর পরেই বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সের রেডিয়োডায়গনোসিস বিভাগের একটি নথি উঁচিয়ে দেখান তিনি। জানান, সেটি ২০২১ সালের ১১ মার্চের নথি। মমতার চিকিৎসা-সংক্রান্ত ওই নথি দেখিয়ে শুভেন্দুর বক্তব্য, ওই নথিতে স্পষ্ট উল্লেখ রয়েছে— ‘ফ্র্যাকচারের কোনও চিহ্ন পাওয়া যায়নি’।

আগামী মঙ্গলবার নন্দীগ্রামে বিধানসভা উপনির্বাচন রয়েছে। শুক্রবার ভোটগণনা। বর্তমানে সেখানে নির্বাচনী আচরণবিধি কার্যকর রয়েছে। তাই এখনই এ বিষয়ে বিশদ মন্তব্য করতে চাননি মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আমি এটা নিয়ে বাড়তি কিছু বলছি না। সিআইডি তদন্ত করছে। নির্বাচনীবিধি উঠে গেলে এই মিথ্যা প্রচারের জন্য আমরা নতুন করে তদন্ত করব। সেটা আমি ৯ তারিখের পর জানাব।”

বস্তুত, শুক্রবারই নন্দীগ্রামে ভোটের প্রচারে গিয়ে মমতার বিরুদ্ধে এই অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী। নন্দীগ্রামের নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে যে অভিযোগ তুলেছিলেন তিনি, এ বার নবান্ন থেকে তার-ই নথি দেখান শুভেন্দু। একই সঙ্গে তদন্তেরও হুঁশিয়ারি দিলেন। বললেন, “৯ তারিখের পর অ্যাকশন হবে। অভিযোগ করলে যেমন তদন্ত হয়, মিথ্যা অভিযোগ করলেও ব্যবস্থা নেওয়া যায়।”


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ