ডিম-বর্ষণের শিকার হওয়ার ঘটনায় এ বার হাই কোর্টের দ্বারস্থ হলেন সাংসদ মহুয়া মৈত্র! নিয়ম মেনে শুনানি
কৃষ্ণনগরে ডিম-বর্ষণের শিকার হওয়ার ঘটনায় এ বার হাই কোর্টের দ্বারস্থ হলেন সাংসদ মহুয়া মৈত্র। ওই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন সাংসদ। সোমবার এ বিষয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসের দৃষ্টি আকর্ষণ করেন মহুয়ার আইনজীবী। দ্রুত শুনানিরও আবেদন জানান। বিচারপতি মামলা দায়েরের অনুমতি দিলেও দ্রুত শুনানির আর্জি নাকচ করে দিয়েছেন। তালিকা মেনেই মামলাটি শুনানির জন্য উঠবে বলে জানান বিচারপতি।
গত সপ্তাহ নিজ লোকসভা কেন্দ্র কৃষ্ণনগরে ডিম-হামলার শিকার হন মহুয়া। তাঁর অভিযোগ, আদালত পর্যাপ্ত নিরাপত্তা দিতে বললেও পুলিশ কোনও পদক্ষেপ করেনি। এ বার তা নিয়ে আদালতে মামলা করলেন সাংসদ।
বস্তুত, গত বুধবার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত তেহট্টের হাউলিয়া পার্ক মোড়ে দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করতে গিয়েছিলেন কৃষ্ণনগরের সাংসদ। অভিযোগ, তাঁর যাওয়ার খবর পেয়ে সেখানে বিজেপির কয়েক জন কর্মী-সমর্থক জমায়েত করেন। বৈঠক শেষ করে মহুয়া দলীয় কার্যালয় থেকে বার হতেই তাঁর উদ্দেশে কালো পতাকা দেখানো হয়। ‘গো ব্যাক’ স্লোগান দিতে দিতে কাঁচা ডিম ছোড়া হয়। মহুয়া সমাজমাধ্যমে দাবি করেন, বিক্ষোভকারীদের না সামলে পুলিশ তাঁকেই জোর করে গাড়িতে তুলে দিয়েছিল। পরবর্তী সময়ে তেহট্ট থানায় অভিযোগ দায়ের করেন মহুয়া। যদিও বিজেপির দাবি, ওই ঘটনায় জড়িতেরা পদ্মশিবিরের কেউ নন।
ঘটনার দিন নিজের গাড়ি থেকেই একটি ভিডিয়োবার্তা সমাজমাধ্যমে পোস্ট করেন মহুয়া। সেখানে সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্তের উদ্দেশে মহুয়া বলেন, ‘‘দেখে যান, বুলেটের মতো ডিম খাচ্ছি।’’ বস্তুত অগস্ট মাসে মহুয়ার থানায় হাজিরা সংক্রান্ত মামলায় বিচারপতি দত্তের মন্তব্য ছিল, ‘‘রাজনীতিতে এসে ডিম ছোড়ায় ভয় কেন? স্বাধীনতা সংগ্রামীরা বুকে বুলেট খেয়েছেন।’’

