মেয়ের সামনে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে খুনের চেষ্টা বিজেপি কর্মীকে,তদন্তে পুলিশ
মেয়ের সামনে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে খুনের চেষ্টা বিজেপি কর্মীকে! সেই অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে থানায়।
বারুইপুর পূর্ব বিধানসভার হাড়দা এলাকায় বিজেপি কর্মী বলে পরিচিত সিরাজুল চাপড়াশী। অভিযোগ, রবিবার রাতে মেয়েকে নিয়ে তিনি বাড়ি ফিরছিলেন। হঠাৎই তাঁদের পথ আটকান নাজিম মোল্লা এবং শফিক ফকির নামে দুই ব্যক্তি। তার পরেই আগ্নেয়াস্ত্র বার করে সিরাজুলের মাথায় ঠেকান তাঁরা। ভয়ে সিরাজুল এবং তাঁর মেয়ে চিৎকার করলে স্থানীয়েরা ছুটে আসেন। তখনই ঘটনাস্থল থেকে পালান নাজিম এবং শফিক।
বারুইপুর থানায় পুরো ঘটনা জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন সিরাজুল। তাঁর দাবি, বিজেপি করার কারণে অতীতেও তাঁকে দু’বার খুনের হুমকি দেওয়া হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, হাড়দা অঞ্চলের পঞ্চায়েত প্রধানের স্বামী সিরিফ হোসেন লস্কর একটা চক্র চালান। তা নিয়ে সরব হয়েছিলেন বলেই কি সিরাজুলকে খুনের চেষ্টা— প্রশ্ন তুলছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। তবে নাজিম এবং শফিকের কোনও রাজনৈতিক পরিচয় রয়েছে কি না, তা স্পষ্ট নয়।
সিরাজুলের অভিযোগের সত্যতা খতিয়ে দেখছে পুলিশ। তাদের দাবি, সব অভিযোগই তদন্তসাপেক্ষ। খুনের চেষ্টার অভিযোগ এবং তার নেপথ্যে কী কারণ, তা অনুসন্ধান শুরু করেছে পুলিশ।

