অবশেষে জেলমুক্তি বাংলাদেশের চিন্ময় প্রভুর!
অবশেষে জেলমুক্তি সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভুর। তবে মাত্র পাঁচ ঘণ্টার জন্য জেল থেকে বেরনোর ছাড়পত্র পেলেন তিনি। মায়ের মৃত্যুর কারণে চিন্ময় প্রভুকে ৫ ঘণ্টার প্যারোলে মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা প্রশাসন এই নির্দেশ দিয়েছে। এদিন সকালেই প্রয়াত হন চিন্ময় প্রভুর মা সন্ধ্যা রানি ধর। সকাল সাড়ে ৯টা নাগাদ হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের শ্রীশ্রী পুণ্ডরীক ধাম আশ্রমে মৃত্যু হয়েছে তাঁর।
পারিবারিক সূত্র জানা গিয়েছে, মৃত্যুর আগে গত মঙ্গলবার নিজেই আশ্রমে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন সন্ধ্যা রানি ধর। চিন্ময় প্রভুও দীর্ঘদিন এই আশ্রমে থাকতেন। এর আগে অসুস্থ হওয়ার পর চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। স্বাস্থ্য পরীক্ষায় তার ক্যান্সার শনাক্ত হয়েছিল। এরপরেও হাসপাতালে থাকতে চাইছিলেন না সন্ধ্যা রানি ধর। ছেলের আশ্রমেই জীবনের শেষ সময় কাটানোর ইচ্ছা প্রকাশ করেন তিনি। বৃহস্পতিবার সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।

