কলকাতা 

হুগলিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট

শেয়ার করুন

হুগলিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। তবে আদালতের নির্দেশ, কোনও মিছিল করা যাবে না। কর্মসূচির জন্য সময়সীমা এবং আরও বেশ কিছু শর্তও বেঁধে দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।

আগামী শুক্রবার (১১ সেপ্টেম্বর) শ্রীরামপুরের মাহেশে একটি কর্মসূচির পরিকল্পনা করে কালীঘাট তৃণমূল। ওই কর্মসূচিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতারও থাকার কথা। কালীঘাট তৃণমূল চাইছিল সেখানে একটি মিছিল করতে। তার পরে মিছিল শেষে সভার পরিকল্পনা করেছিল তারা। কিন্তু পুলিশি অনুমতি ঘিরে জটিলতার জেরে বিষয়টি গড়ায় হাই কোর্ট পর্যন্ত।

বৃহস্পতিবার হাই কোর্ট শর্তসাপেক্ষে কালীঘাট তৃণমূলকে সভার অনুমতি দিয়েছে। তবে একই সঙ্গে এ-ও স্পষ্ট করে দিয়েছে, তারা কোনও মিছিল করতে পারবে না।

কালীঘাট তৃণমূল মাহেশ থেকে শ্রীরামপুর কোর্ট পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল করতে চাইছিল। পুলিশের কাছে এ নিয়ে আবেদন জানিয়েছিলেন চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। তবে সেই অনুমতি তাঁরা পাননি। পুলিশের বক্তব্য ছিল, ওই মিছিলের ফলে জিটি রোডে যান চলাচলের উপর প্রভাব পড়তে পারে। এ অবস্থায় হাই কোর্টের দ্বারস্থ হয় কালীঘাট তৃণমূল।

তৃণমূলের কালীঘাট শিবিরকে মিছিলের অনুমতি না-দিলেও শর্তসাপেক্ষে সভার অনুমতি দিয়েছেন বিচারপতি ভট্টাচার্য। তাঁর নির্দেশ, মাহেশের জগন্নাথ দেব স্নানপিঁড়ি ময়দানে সভা করতে পারবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা। দুপুর ১টা থেকে বিকেল ৩টে পর্যন্ত কর্মসূচি করা যাবে। সেখানে ২ হাজারের বেশি জমায়েত করা চলবে না বলেও জানিয়ে দিয়েছেন বিচারপতি।

বিচারপতি ভট্টাচার্য এ-ও স্পষ্ট করে দিয়েছেন, কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগতে পারে— এমন কোনও উস্কানিমূলক মন্তব্য ওই সভা থেকে করা যাবে না। কোনও রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তা নিশ্চিত করতে রাজ্যকেও পর্যাপ্ত পুলিশ মোতায়েনের নির্দেশ দিয়েছেন তিনি। কালীঘাট তৃণমূলের তরফে কারা স্বেচ্ছাসেবক থাকবেন, সেই নামের তালিকা ফোন নম্বর-সহ বৃহস্পতিবার রাত ৮টার মধ্যে পুলিশের কাছে জমা দিতে হবে।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ