রিষড়া পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান জাহিদ হাসান খানের বাড়িতে পুলিশের হানা!
রিষড়া পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান জাহিদ হাসান খানের বাড়িতে হানা পুলিশের। আগামী শুক্রবার শ্রীরামপুরে রাজনৈতিক কর্মসূচি করতে চান প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু পুলিশ অনুমতি দেয়নি— সোমবার ওই অভিযোগ নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় কালীঘাট তৃণমূল। ঘটনাক্রমে সন্ধ্যাতেই হুগলি থেকে কালীঘাট তৃণমূলের বেশ কয়েক জন কর্মীকে নানা অভিযোগে পাকড়াও করেছে পুলিশ। রিষড়ার প্রাক্তন ভাইস চেয়ারম্যান জাহিদের বাড়ির সামনে থেকেও তাঁর চার অনুগামীকে গ্রেফতার করে পুলিশ। কালীঘাট তৃণমূলের অভিযোগ, মমতার কর্মসূচির আগে তাঁর অনুগামী, দলের কর্মী-সমর্থকদের ভয় দেখানোর জন্য পুলিশকে ব্যবহার করছে বিজেপি।
মঙ্গলবার আধা সামরিক বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে জাহিদের বাড়িতে উপস্থিত হয় পুলিশ। খোঁজ নেওয়া হয় জাহিদ এবং তাঁর পুত্র শাহিদের। পরিবারের লোকজন জানান, বাবা-ছেলে কেউ বাড়িতে নেই। তার পরেও পুলিশকর্মীদের হাঁক-ডাক দিতে শোনা যায়। জাহিদের পুত্রকে থানায় গিয়ে আত্মসমর্পণ করতে বলে পুলিশ। এক পুলিশ আধিকারিক হুঁশিয়ারি দেন, ‘‘হর দিন আয়েগা। জিনা হারাম হো জায়েগা। নীন্দ ভি হারাম হো জায়েগা।’’
পুলিশ সূত্রে খবর, জাহিদের পুত্রের বিরুদ্ধে আদালতে মামলা চলছে। ওয়ারেন্ট নিয়ে তাঁকে আটক করতে গিয়েছিল তারা। বেশ কয়েক জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে।
অন্য দিকে, কালীঘাট তৃণমূল নেতৃত্বের অভিযোগ, মমতার কর্মসূচির আগে হুগলি থেকে তাঁদের একের পর এক নেতাকর্মীকে আটক এবং গ্রেফতার করছে পুলিশ। সোমবার জাহিদের অনুগামীদের গ্রেফতার করা হয়েছে। তা ছাড়া ডানকুনিতেও দুই প্রাক্তন কাউন্সিলর এবং এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

