ক্ষমতায় আসার পরেই আরএসএসের সংগঠন বিস্তারের দিকে নজর বিজেপির এবার কর্মশালা তারকেশ্বরে
বাংলার জনরব ডেস্ক : বাংলায় বিজেপি ক্ষমতায় আসার পর পরই এই রাজ্যে আরএসএস-এর সংগঠনকে আরো তৃণমূল স্তরে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে। তাই এবার তারা হুগলি জেলার তারকেশ্বরে আরএসএসের প্রচারকদের কর্মশালা করতে চলেছে। আগামী ১০ থেকে ১২ ই সেপ্টেম্বর তিন দিন ধরে এই কর্মশালা অনুষ্ঠিত হবে। এখানে বাংলার উত্তর ও দক্ষিণ বঙ্গের পাশাপাশি মধ্য বঙ্গের প্রচারকরা থাকবেন হাসবেন ওড়িশা থেকে প্রচারকরা।
বহু যুবক পড়াশোনা শেষ করে রাষ্ট্রের কাজের জন্য নিজেদের নিয়োজিত করে। তারা পূর্ণ সময় সংগঠনকেই দেয়। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এই সক্রিয় ও পূর্ণসময়ের কর্মীদের বলা হয় প্রচারক। এরা ব্যক্তিগত জীবন বা পরিবার ত্যাগ করে সম্পূর্ণভাবে সংগঠনের আদর্শ প্রচার ও প্রসারে নিজেকে উৎসর্গ করেন। দেশের জন্য কাজ করেন এরা। প্রচারকদের নিয়ে প্রতিবছরই একটি করে কর্মশালার আয়োজন করে আরএসএস।
এপ্রসঙ্গে আরএসএস, দক্ষিণবঙ্গের প্রান্ত প্রচার প্রমুখ বিপ্লব রায় বলেন, “বছরে একবার প্রচারকদের নিয়ে কর্মশালা হয়। সেখানে বিভিন্ন বিষয়, সংগঠনিক কৌশল নিয়ে মূল্যায়ন হয়। নতুন করে প্রচারকদের দায়িত্ব দেওয়া হয়। কাজ বুঝিয়ে দেওয়া হয়। সেই নির্দেশ অনুযায়ী কাজ করেন প্রচারকরা।”
এবছর বাংলা এবং ওড়িশার প্রচারকদের নিয়ে এই কর্মশালার আয়োজন করা হচ্ছে হুগলির তারকেশ্বরে। উল্লেখ্য, গত কয়েকবছরে বাংলায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সংগঠন ক্রমশ বড় হয়েছে। বাংলায় বিজেপি ক্ষমতায় আসার পর যে তা আরও দ্রুত গতিতে প্রসারিত হচ্ছে, তা বলার অপেক্ষা রাখে না।

