কলকাতা 

আচমকা দক্ষিণ কলকাতার বিভিন্ন থানায় ‘সারপ্রাইজ ভিজিট’ মুখ্যমন্ত্রী শুভেন্দুর!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক: আচমকা কলকাতার বিভিন্ন থানা পরিদর্শনে বার হলেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার দুপুরে ভবানীপুর এবং কলকাতা বন্দর এলাকায় ওয়াটগঞ্জ এবং একবালপুর থানায় উপস্থিত হয়েছিলেন তিনি। খতিয়ে দেখেন পরিকাঠামো ব্যবস্থা থেকে লক আপের অবস্থা।

ওয়াটগঞ্জ থানাটি ভবানীপুর বিধানসভার মধ্যে পড়ে। অর্থাৎ, মুখ্যমন্ত্রীর নিজের বিধানসভা এলাকা। সেখানকার পুলিশ-প্রশাসনের সুবিধা-অসুবিধা খতিয়ে দেখেন পুলিশমন্ত্রী। ওয়াটগঞ্জ থানায় একটি চেয়ারে বসে বিভিন্ন অভিযোগপত্র দেখতে বসে পড়েন মুখ্যমন্ত্রী। কোন মামলায় কী পদক্ষেপ করা হল, কর্তব্যরত পুলিশ আধিকারিকদের কাছে জানতে চান। রেজিস্ট্রারে চোখ বোলাতে বোলাতে তাঁকে বলতে শোনা যায়, ‘‘আপনাদের তো অ্যাকশন টেকেন করতে হবে! শুধু অভিযোগ…।’’ ফাইলের পৃষ্ঠা উল্টোতে থাকেন মুখ্যমন্ত্রী। তার পর মহিলা সহায়তা ডেস্কের অবস্থা খতিয়ে দেখেন। খতিয়ে দেখেন রেজিস্টার। ডিউটি অফিসারদের সঙ্গে কথা বলতে বলতে সিঁড়ি ভেঙে উপরের তলায় ওঠেন। লক আপের সামনে দাঁড়িয়ে ভিতরের পরিস্থিতি দেখে বেরিয়ে আসেন।

ওয়াটগঞ্জ থেকে মুখ্যমন্ত্রী চলে যান একবালপুর থানায়। সেখানেও একই ভাবে খোঁজ নেন। খতিয়ে দেখেন থানার পরিকাঠামো, বিভিন্ন অভিযোগে কী পদক্ষেপ করা হয়েছে ইত্যাদি। পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলে বেরিয়ে পড়েন।

পুলিশের একটি সূত্রে খবর, পিডব্লিউডি তাঁবুতে ছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে চিনারপার্কে বাসভবনে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু পিডব্লিউডি তাঁবু থেকে বেরিয়ে তাঁর গাড়ি চলে যায় দক্ষিণ কলকাতার রাস্তায়। প্রথমে ওয়াটগঞ্জ, তার পর একবালপুর থানায় যান মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রত্যেক থানায় মহিলা সহায়তা কেন্দ্র করার কথা ঘোষণা করেছিলেন শুভেন্দু। তার বাস্তবায়ন কতটা হয়েছে, তা সরেজমিনে খতিয়ে দেখা শুরু করলেন তিনি। প্রশাসন সূত্রে খবর, আগামিদিনেও বিভিন্ন থানায় ‘সারপ্রাইজ় ভিজিট’ করতে পারেন মুখ্যমন্ত্রী।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ