১ না আগস্ট থেকে দেশজুড়ে শুরু হচ্ছে জনগণনা! প্রথমে ডিজিটাল সেন্সাস! কিভাবে অংশ নেবেন এক নজরে দেখে নিন
আগে বাড়ি বাড়ি গিয়ে তথ্য নিয়ে জনগণনা (Census 2027) হত। তবে এবার থেকে একটা পোর্টাল খোলা হবে, যেখানে কোনও নাগরিক নিজেরাই সেলফ এনুমারেশন (Census Self Enumeration) করতে পারবেন। শনিবার থেকে রাজ্যে শুরু হচ্ছে জনগণনা। এবারই প্রথম ডিজিটাল জনগণনা হতে চলেছে। তার আগে শুক্রবার গোটা বিষয়টি নিয়ে আরও স্পষ্ট বার্তা দিলেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক অভিষেক কুমার তিওয়ারি।
এই সেলফ এনুমারেশন প্রক্রিয়া শুরু হচ্ছে ১ আগস্ট থেকে, চলবে ১৫ আগস্ট পর্যন্ত। এই সময়ে নাগরিককে https://se.census.gov.in-এ লগ ইন করে তথ্য ফিল আপ করে জনগণনায় অংশ নিতে হবে। এই প্রক্রিয়ায় নিয়েই বিস্তারিত জানিয়েছেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট করেন কীভাবে হবে এই সেলফ এনুমারেশন।
কী থাকবে অনলাইন ফর্মে
জনগণনার কাজে কোনও নথি চাওয়া হবে না।
পোর্টালে SAQ এবং MCQ টাইপের প্রশ্ন থাকবে।
সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে পাড়ায় পাড়ায় ইনচার্জ থাকবেন আইসি। ৩৩ রকমের প্রশ্ন থাকার সম্ভাবনা রয়েছে। তার কমও বা বেশি হতে পারে। তথ্য আপলোড করার পর এডিট করার অপশন নিয়ে ভাবনা রয়েছে। অবশ্য পরবর্তীতে আবার বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে।
দক্ষিণ ২৪ পরগনার প্রস্তুতি :
এই কাজের জন্য জেলায় ৩৭টি চার্জ অফিস গঠন করা হয়েছে। এর মধ্যে রয়েছে ২৯টি ব্লক, ৭টি পৌরসভা এবং ১টি শিল্পাঞ্চল টাউনশিপ। কাজের সুবিধার্থে মোট ১৪ হাজার, ৩৯৯টি হাউস লিস্টিং ব্লক তৈরি করা হয়েছে।
কাজের জন্য ১৭ হাজার ২২২ জন গণনাকারী এবং ২ হাজার ৯৩৯ জন সুপারভাইজার নিয়োগ করা হয়েছে। কাজের মান নিশ্চিত করার জন্য জেলা মাস্টার ট্রেনার এবং জেলা জনগণনা অফিসের মাধ্যমে ২৭৬ জন ফিল্ড ট্রেইনারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ১৬ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি তালিকাভুক্তি ও গৃহগণনা হবে। যেখানে বাড়ির অবস্থা, পরিবারের বৈশিষ্ট্য, পানীয় জল, শৌচাগার, বিদ্যুৎ, রান্নার জ্বালানি, ইন্টারনেট সংযোগের মতো পরিষেবা সংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে। রেডিও, টেলিভিশন, কম্পিউটার, দুই এবং চার চাকার গাড়ির মতো সম্পদের তথ্যও নেওয়া হবে।
আগামী বছর অর্থাৎ ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে জনগণনার দ্বিতীয় পর্যায়। তাতে প্রত্যেক পরিবারের সদস্যদের নাম, বয়স, লিঙ্গ, জাতি ও ধর্ম সংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহ করবেন আধিকারিকরা।

