নাবালকদের গ্রেফতার করা যাবে না, নিট বিক্ষোভে দমন পীড়ন নিয়ে নিরপেক্ষ তদন্তের ভাবনা সুপ্রিম কোর্টের
বাংলার জনরব ডেস্ক : নিট আন্দোলনে দেশ জুড়ে যে সব নাবালক বিক্ষোভকারীকে আটক বা গ্রেফতার করা হয়েছে, তাঁদের বিরুদ্ধে কোনও দমনমূলক নীতি প্রয়োগ করা যাবে না। শুধু তা-ই নয়, অপরাধের ইতিহাস নেই এমন নাবালক বিক্ষোভকারীদের আটক বা গ্রেফতার করে রাখা যাবে না। মুক্তি দিতে হবে সকলকেই। পাশাপাশি এই আন্দোলনে অশান্তির ঘটনায় নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তের পক্ষেও সওয়ালও করেছে সুপ্রিম কোর্ট। ইঙ্গিত দিয়েছে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনেরও।
আদালতের পর্যবেক্ষণ, কারা দায়ী, তা নির্দিষ্ট না হলে তদন্তের কোনও অর্থ হয় না। তাই যাঁরাই সীমা লঙ্ঘন করে থাকুন না কেন, তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি জে ভি মোহনার ডিভিশন বেঞ্চে নিট আন্দোলনে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের মামলার শুনানিতে অন্তর্বর্তী নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
নিট-বিক্ষোভে পুলিশ অতিরিক্ত বলপ্রয়োগ করেছিল বলে যে অভিযোগ উঠেছে, সেই ঘটনায় নিরপেক্ষ তদন্ত কেন করা হবে না, তা নিয়েও প্রশ্ন তুলেছে আদালত। আদালতের পর্যবেক্ষণ, পুঙ্খানুপুঙ্খ তদন্তের প্রয়োজন রয়েছে। তবে সেই তদন্ত হতে হবে স্বচ্ছ, নিরপেক্ষ। আদালত নির্দেশ দিয়েছে, আন্দোলনের সময়ের সমস্ত সিসিটিভি ফুটেজ, ড্রোন রেকর্ডিং, বডিক্যামের সমস্ত তথ্য সংরক্ষরিত রাখতে হবে। আদালতের আরও নির্দেশ, বিক্ষোভকারী পড়ুয়াদের কোনও তথ্য জনসমক্ষে আনা যাবে না। সেই দিকটাও নজর রাখতে হবে। নিরপেক্ষ তদন্তের জন্য সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে সিট গঠন করা যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছে আদালত। আর এ বিষয়ে কেন্দ্র, অসম, বিহার, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং কেরল সরকারের কাছেও জবাব চাওয়া হয়েছে।

