২৪ ঘন্টার মধ্যে রবিবার ছুটির দিনেই শিক্ষামন্ত্রী হিসাবে কাজ শুরু করে দিলেন প্রহ্লাদ জোশী
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার ২৪ ঘণ্টার মধ্যেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হিসাবে কাজ শুরু করে দিলেন প্রহ্লাদ জোশী। রবিবার দিল্লির শাস্ত্রী ভবনে নিজের দফতরে গিয়েছিলেন তিনি। আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেছেন।
দফতরে প্রথম বৈঠকের কিছু ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছেন নতুন শিক্ষামন্ত্রী। লিখেছেন, ‘‘কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হিসেবে আজ আমি দায়িত্ব গ্রহণ করলাম। আমার উপর আস্থা রাখার জন্য এবং এই দায়িত্ব আমাকে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আমি কৃতজ্ঞ। গভীর কর্তব্যবোধ এবং বিনয়ের সঙ্গে আমি এই দায়িত্ব গ্রহণ করছি।’’
নিটের প্রশ্নফাঁস নিয়ে বিক্ষোভের মধ্যেই শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। কারণ আন্দোলনকারীদের প্রথম দাবি ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ। তারপর কয়লা মন্ত্রীর প্রহ্লাদ জোশীকে দায়িত্ব দেওয়া হয় শিক্ষা দফতরের।
শনিবার দায়িত্ব পাওয়ার পরেও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছিলেন প্রহ্লাদ। বলেছিলেন, ‘‘প্রধানমন্ত্রীর কাছে আমি কৃতজ্ঞ। তাঁর প্রত্যাশা অনুযায়ী সাধ্যমতো চেষ্টা করব, নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব।” তার পর রবিবারই দফতরে বৈঠক সারলেন নতুন শিক্ষামন্ত্রী।
ধর্মেন্দ্রের ইস্তফার আগেই অবশ্য শিক্ষায় সংস্কারে উদ্যোগী হয়েছিল কেন্দ্র। ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) ৪৭ জন আধিকারিককে বরখাস্ত করা হয়েছে নিটে অনিয়মের অভিযোগে। প্রশ্নফাঁস রুখতে কঠোর আইন আনা হচ্ছে। ইতিমধ্যে তার খসড়াও প্রস্তুত। মন্ত্রিসভা তাতে অনুমোদন দিয়েছে। এ ছাড়া, প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত শাস্তি নিশ্চিত করতে ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরির কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। শিক্ষামন্ত্রীর চেয়ারে বসে শিক্ষাব্যবস্থা, প্রতিযোগিতামূলক পরীক্ষা ব্যবস্থার উপর ছাত্রছাত্রীদের আস্থা ফিরিয়ে আনাই হবে প্রহ্লাদের প্রধান চ্যালেঞ্জ।

