‘‘আমরা বিষয়টিকে গড়পড়তা ভাবে চলতে দিতে পারি না’’ নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে মন্তব্য সুপ্রিম কোর্টের
ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় (নিট-ইউজি) প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত মামলায় কেন্দ্রকে ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। শুক্রবার বিচারপতি পিএস নরসিংহ এবং বিচারপতি অলোক আরাধ্যের ডিভিশন বেঞ্চ তাদের পর্যবেক্ষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের উদ্দেশে বলেছে, ‘‘আমরা বিষয়টিকে গড়পড়তা ভাবে চলতে দিতে পারি না।’’
শুক্রবারের শুনানিতে সুপ্রিম কোর্ট কেন্দ্র এবং নিট-এর আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে (এনটিএ) পরীক্ষার ব্যবস্থায় একের পর এক ভুলত্রুটি বন্ধ করার নির্দেশ দিয়েছে। সেই সঙ্গে দুই বিচারপতির বেঞ্চ কেন্দ্রকে জানিয়েছে যে, প্রশ্নফাঁসের এই বিষয়টি তারা ‘খুব নিবিড় ভাবে পর্যবেক্ষণ’ করবে এবং ‘নিয়মিত অগ্রগতি পর্যালোচনা’ করবে। শীর্ষ আদালতের ঘোষণা, ‘‘আমরা নিশ্চিত করব যে, সব কিছু যাতে প্রাতিষ্ঠানিক ভাবে প্রতিষ্ঠিত হয়।’’ বিচারপতি নরসিংহ এবং বিচারপতি আরাধ্যের ডিভিশন বেঞ্চ শুক্রবার কেন্দ্রের কাছে জানতে চেয়েছে, সম্পূর্ণ ভাবে অনলাইন পদ্ধতিতে পরীক্ষার বন্দোবস্ত করার জন্য কী পদক্ষেপ করা হয়েছে। বেঞ্চের মন্তব্য, ‘‘কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা চালু হলে আপনারা কী ভাবে তথ্যের নিরাপত্তা নিশ্চিত করবেন, দয়া করে আমাদের জানান।’’
সুপ্রিম কোর্টের প্রশ্নের জবাবে কেন্দ্রের আইনজীবী, সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, ‘‘পড়ুয়াদের সমস্যাগুলির সমাধানে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে।’’ তিনি আদালতের সামনে একটি ‘সামগ্রিক চিত্র’ উপস্থাপনের জন্য আরও কিছু সময় চেয়েছেন। জবাবে দুই বিচারপতির বেঞ্চ বলে, ‘‘আমরা কিন্তু বিষয়টিকে গড়পড়তা ভাবে চলতে দিতে পারি না।’’ আগামী সোমবার (২৭ জুলাই) মামলার পরবর্তী শুনানি হবে। প্রশ্নফাঁসের ঝুঁকি এড়াতে পরীক্ষা যদি অনলাইনে নেওয়া হয়, তবে সেখানে তথ্যের নিরাপত্তা (ডেটা সিকিউরিটি) কী ভাবে কেন্দ্র নিশ্চিত করবে এবং হ্যাকিং রুখতে কেন্দ্রের কী পরিকল্পনা রয়েছে, তার বিস্তারিত বিবরণ জমা দিতে বলা হয়েছে শীর্ষ আদালতের তরফে।

