‘মারুন, মেরে ফেলুন’, যন্তর মন্তরে পুলিশের লাঠির সামনে বুক চিতিয়ে ‘ছাত্র যুব সমাজ’’!
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং নিটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রতিবাদে রাজধানী দিল্লির যন্তর মন্তর চত্বরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। সংসদ ভবনের দিকে মিছিল করে এগিয়ে যাওয়ার সময় বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। পুলিশের লাঠিচার্জের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে পড়েন এক যুবক। একের পর এক লাঠির বাড়ি খেয়েও দাঁড়িয়ে থাকেন তিনি। অবিচল থাকেন। সেই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে।
পুলিশের তরফে অনুমতি না-মিললেও ‘সংসদ চলো’ কর্মসূচিতে অনড় ছিলেন সিজেপির সমর্থকেরা। বৃষ্টির মধ্যেই যন্তর মন্তর থেকে মিছিল শুরু করেন তাঁরা। অনেকেই বর্ষাতি পরে, হাতে সংবিধান এবং জাতীয় পতাকা নিয়ে মিছিলে শামিল হন। তবে যন্তর মন্তর চত্বরে মোতায়েন বিশাল সংখ্যক পুলিশ জমায়েত ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। পুলিশের লাঠিচার্জে অনেক বিক্ষোভকারী পালিয়ে যান। তবে এক যুবক পুলিশের লাঠির সামনে অবিচল ভাবে দাঁড়িয়ে থাকেন। সেই ঘটনার ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই তা ব্যাপক হারে শেয়ার করা শুরু হয়েছে। পুলিশ এবং সরকারের আচরণের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, পুলিশ ওই যুবককে ঘিরে ফেলে এবং চারপাশ থেকে লাঠিপেটা করতে থাকে। কিন্তু যুবক তাঁর ক্ষোভ এবং দৃঢ়তা বজায় রেখে আঘাত সহ্য করতে থাকেন। তাঁকে আরও মারতে বলেন। পুলিশের উদ্দেশে যুবককে বলতে শোনা যায়, ‘‘আমাকে মারুন, আমায় মেরে ফেলুন, আরও মারুন, আমার প্রাণ নিয়ে নিন।’’ এর পর এক মহিলা র্যাফ সদস্য যুবককে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যান। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

