নবম শ্রেণী নয় ষষ্ঠ শ্রেণি থেকে চালু হোক তৃতীয় ভাষা শিক্ষা সিবিএসএকে প্রস্তাব শীর্ষ আদালতের
বাংলার জনরব ডেস্ক : তৃতীয় ভাষা শিক্ষার নবম শ্রেণী থেকে কেন ষষ্ঠ শ্রেণি থেকে চালু করা কেন যাবেনা? এই প্রশ্ন তুলে দিল সুপ্রিম কোর্ট। আজ বৃহস্পতিবার একটি মামলার শুনানিতে সিবিএসই-র তৃতীয় ভাষা নীতি নিয়ে এমনই মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি বিভি নাগরত্ন। বিষয়টি নিয়ে দেশের শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, দশমের পরীক্ষার এক বছর আগে একটি নতুন ভাষা শেখার বিষয়টি পড়ুয়াদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে।
মাদ্রাজ হাইকোর্টে জওহর নবোদয় বিদ্যালয় প্রতিষ্ঠা সংক্রান্ত একটি নির্দেশকে চ্যালেঞ্জ করে তামিলনাড়ু সরকারের করা একটি আবেদনের শুনানিতে ডিভিশন বেঞ্চের বিচারপতি বিভি নাগরত্ন এই বিষয়টি নিয়ে মন্তব্য করেন। উল্লেখ্য, তামিলনাড়ু সরকারের তরফে ত্রিভাষা নীতি প্রণয়ন নিয়ে আগেও আপত্তি জানানো হয়েছিল। তারই প্রেক্ষিতে একটি মামলা মাদ্রাজ হাই কোর্টে দায়ের করা হয়েছিল। ওই মামলায় আবেদনকারীদের দাবি, জওহর নবোদয় বিদ্যালয়ে তিনটি ভাষার মধ্যে হিন্দি বাধ্যতামূলক ভাবে শেখানো হতে পারে, যা তামিলনাড়ুর পড়ুয়াদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
বৃহস্পতিবার অন্য একটি মামলার শুনানিতে তামিলনাড়ু সরকার পক্ষের আইনজীবী তৃতীয় ভাষার নীতি প্রণয়নের মাধ্যমে হিন্দি ভাষা শেখানোর প্রসঙ্গে রাজ্যের উদ্বেগ প্রকাশ করেন। শুক্রবারের শুনানিতে সেই বিষয়টি উল্লেখ করে বিচারপতি বিভি নাগরত্ন বলেন, “স্থানীয় ভাষা এবং ইংরেজির সঙ্গে আরও একটি ভাষা শেখানোর কথা বিধিতে বলা হয়েছে। হিন্দি ভাষার উল্লেখ তো নেই।” জাতীয় শিক্ষানীতি অনুযায়ী, যে কোনও ভাষা যে কোনও রাজ্যের পড়ুয়ারা শেখার সুযোগ পাবেন। এই বিধি মনে করিয়ে দিয়েই বিচারপতির প্রশ্ন, “এ ক্ষেত্রে হিন্দির বদলে সংস্কৃত হলে কী সমস্যা হবে?”
দশমের গুরুত্বপূর্ণ পরীক্ষার আগে নবম শ্রেণিতে নতুন ভাষা নিয়ে পঠনপাঠন কেন চালু করা হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি বিভি নাগরত্ন। বিচারপতির মতে, শুধু সিবিএসই-ই নয়, আইসিএসই, রাজ্যের পর্ষদের দশম শ্রেণির পরীক্ষার চাপ শুরু হয় অষ্টম শ্রেণি থেকেই। তাই নবমের বদলে ষষ্ঠ শ্রেণিতে নতুন বিষয় চালু করা হলে শুরু থেকে সবটা শেখার সুযোগ পাবে পড়ুয়ারা। এই বিষয়ে তিনি নিজের স্কুলজীবনের উদাহরণ দেন, যেখানে কন্নড় এবং হিন্দির সঙ্গে আরও একটি ভাষা দশমের পরীক্ষার জন্য শিখতে হয়েছিল। তাই এ ক্ষেত্রে যত তাড়াতাড়ি শুরু করা যায়, পড়ুয়াদের জন্য ততটাই ভাল হবে। ১১ই অগস্ট এই মামলার পরবর্তী শুনানিতে এই বিষয় নিয়ে কেন্দ্র এবং রাজ্যের অবস্থান সম্পর্কে শুনবে শীর্ষ আদালত।

