কলকাতা 

স্কুলগুলিতে শূন্য প্রধান শিক্ষক পদে দ্রুত নিয়োগের দাবি জানালো শিক্ষক সংগঠন

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : রাজ্যের বিদ্যালয়ে গুলিতে দ্রুত প্রধান শিক্ষক নিয়োগের দাবি জানালো অল পোস্ট গ্রাজুয়েট টিচারস অ্যাসোসিয়েশন। সংগঠনের দাবি, রাজ্যের প্রায় ৬,০০০ বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে প্রধানশিক্ষক বা প্রধানশিক্ষিকার পদ শূন্য। ফলে প্রশাসনিক কাজ, শিক্ষার মান এবং বিদ্যালয়ের সার্বিক পরিচালনায় নানা সমস্যা তৈরি হচ্ছে। বর্তমানে বহু বিদ্যালয়ে টিচার-ইন-চার্জ বা ভারপ্রাপ্ত শিক্ষক রয়েছেন। কিন্তু এটা স্থায়ী সমাধান নয় বলেই দাবি তাঁদের।

সূত্রের খবর, রাজ্যে শেষবারের মতো ২০১৭ সালে প্রধানশিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল। ২০১৬ সালের নিয়মের উপরে ভিত্তি করে ওই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। তার পর নিয়োগ হয় ২০১৯ সালে। কিন্তু তার পরে আর কোনও নিয়োগ হয়নি। শিক্ষকদের দাবি, ২০২২ সাল নাগাদ নিয়োগের বিধির কিছুর পরিবর্তন করতে উদ্যোগী হয়েছিল বিগত তৃণমূল সরকার। তার পরে অবশ্য সেটা ঠান্ডা ঘরেই চলে গিয়েছে বলে দাবি।

এক প্রধানশিক্ষক জানান, এই পদে আসার জন্য যে যোগ্যতার প্রয়োজন অধিকাংশ টিআইসি-র তা থাকে না। তাঁর কথায়, ‘‘অধিকাংশ ক্ষেত্রে এই ভারপ্রাপ্ত শিক্ষকের পদ রাজনীতির অনুগত হয়। সেটা একটা শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রেও ঠিক নয়। বর্তমানে এই পদের দায়িত্ব অনেকটাই বৃদ্ধি পেয়েছে। সেখানে আংশিক সময়ের কাউকে এই পদে বসিয়ে রাখা সমীচীন নয়।’’

বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির পক্ষ থেকেও শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে বলে জানান সংগঠনের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল। তিনি বলেন, ‘‘বিগত সরকার ইচ্ছা করে নিয়োগ করেনি। স্কুলে রাজনীতির লোককে বসিয়ে পুরো প্রক্রিয়াকে হাতের মুঠোয় নিতে চেয়েছিল।’’


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ