কলকাতা 

রাজ্য পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল নবান্নের! সুপ্রতিম সরকারকে টেলিকমিউনিকেশনে দিল শুভেন্দু সরকার

শেয়ার করুন

রাজ্য পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল ঘটাল নবান্ন। রাজ্য ও কলকাতা পুলিশের মোট ৩৩ জন পদস্থ আইপিএস (IPS) ও ডব্লিউবিপিএস (WBPS) কর্মকর্তার বদলির নির্দেশ দেওয়া হয়েছে। এই তালিকার মধ্যে সবচেয়ে বড় খবর— সিআইডি-র বর্তমান এডিজি ও আইজিপি সুপ্রতিম সরকারের (Supratim Sarkar) দায়িত্ব বদল করা হয়েছে। রাজ্য গোয়েন্দা বিভাগের এই পুলিশ কর্তাকে সিআইডি (এবং অতিরিক্ত দায়িত্বে থাকা আইবি)-র পদ থেকে সরিয়ে রাজ্য পুলিশের টেলিকমিউনিকেশনের এডিজি (ADG) পদে পাঠানো হয়েছে।

সিআইডি এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ মামলার তদন্ত করছে, তার মধ্যে উল্লেখযোগ্য নির্বাচনের সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জোড়া অভিযোগের তদন্ত। সেই মামলায় একবার সুপ্রতিম সরকারের জিজ্ঞাসাবাদের মুখেও পড়তে হয়েছিল অভিষেককে।

প্রশাসনিক মহলে সুপ্রতিমের মতো দক্ষ ও পোড়খাওয়া অফিসারের সিআইডি থেকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ টেলিকমিউনিকেশন বিভাগে এই বদলি নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে। অন্যদিকে, রাজ্য অপরাধ দমন শাখার (CID) নতুন শীর্ষকর্তা তথা ডিজি ও আইজিপি হিসেবে দায়িত্ব নিচ্ছেন অভিজ্ঞ আইপিএস অফিসার নটরাজন রমেশ বাবু। তিনি বর্তমানে সংশোধনাগার দফতরের ডিরেক্টর জেনারেল (DG) পদে কর্মরত ছিলেন। নতুন দায়িত্বে আসার পাশাপাশি রমেশ বাবু তাঁর পূর্বের সংশোধনাগার দফতরের অতিরিক্ত দায়িত্বও সামলাবেন।

প্রশাসনিক ও রাজনৈতিক মহলের একাংশের মতে, আইনশৃঙ্খলা ব্যবস্থার খোলনলচে বদলে ফেলা এবং পুলিশি তৎপরতা বাড়াতেই রাজ্য প্রশাসনের এই শীর্ষ স্তরে এমন পুনর্বিন্যাস। এই রদবদলের হাওয়া এসে লেগেছে বিধাননগর পুলিশ কমিশনারেটেও।

বিধাননগরের বর্তমান কমিশনার ত্রিপুরারি অথর্বকে রাজ্য পুলিশের ট্রাফিক অ্যান্ড রোড সেফটির এডিজি পদে পাঠানো হয়েছে। তাঁর শূন্য আসনে বিধাননগরের নতুন কমিশনার হচ্ছেন রাঠোর অমিতকুমার ভারত, যিনি এতদিন রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি (DIG) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

রদবদলের আঁচ পড়েছে উত্তরবঙ্গ এবং পশ্চিমাঞ্চলেও। পশ্চিমাঞ্চলের বর্তমান এডিজি ও আইজিপি বিশাল গর্গকে রাজ্য আইবি-র এডিজি ও আইজিপি (ADG & IGP, IB WB) করা হয়েছে। তাঁর শূন্য পদে পশ্চিমাঞ্চলের নতুন এডিজি ও আইজিপি হিসেবে নবান্ন পাঠাচ্ছে আনন্দ কুমারকে (বর্তমানে এডিজি, লিগ্যাল)। আবার, উত্তরবঙ্গ রেঞ্জের এডিজি ও আইজিপি কে জয়রামনকে রাজ্য অর্থনৈতিক অপরাধ দমন শাখার (Directorate of Economic Offences) ডিরেক্টর পদে বদলি করা হয়েছে। তাঁর ছেড়ে যাওয়া আসনে উত্তরবঙ্গ রেঞ্জের নতুন আইজিপি (IGP, North Bengal) হিসেবে দায়িত্ব নিচ্ছেন সুকেশ কুমার জৈন।

একই সঙ্গে রাজ্য স্পেশাল টাস্ক ফোর্স (STF) এর শীর্ষস্তরেও পরিবর্তন এসেছে। এসটিএফ-এর বর্তমান আইজিপি প্রবীণ কুমার ত্রিপাঠীকে হোম গার্ডের আইজি পদে পাঠানো হয়েছে এবং তাঁর স্থানে রাজ্য এসটিএফ-এর নতুন আইজি হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন সুধীর কুমার নীলকান্তম (বর্তমানে আইজিপি, সিআইএফ)।

জেলা ও কলকাতার পুলিশ মহলে রদবদল

উত্তরবঙ্গের কৌশলগত দুই জেলা দার্জিলিং ও কোচবিহারেও পুলিশ সুপার স্তরে বদল আনা হয়েছে। দার্জিলিংয়ের বর্তমান পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খড়িয়াকে কলকাতার প্রথম ব্যাটালিয়নের ডিসি (DC, KAP 1st Bn) করে আনা হয়েছে। তাঁর জায়গায় পাহাড়ি জেলার আইনশৃঙ্খলার দায়িত্ব নিচ্ছেন কলকাতার গোয়েন্দা বিভাগের প্রাক্তন ডিসি (DC, DD) ইয়েলওয়াদ শ্রীকান্ত জগন্নাথরাও।

অন্যদিকে, কোচবিহারের বিদায়ী পুলিশ সুপার জসপ্রীত সিংকে পাঠানো হয়েছে রাজ্য পুলিশের সিসিডব্লিউ-র এসপি পদে এবং তাঁর স্থলে কোচবিহারের নতুন পুলিশ সুপার হচ্ছেন কলকাতার ট্রাফিক বিভাগের ডিসি মণীশ জোশী।

কলকাতা পুলিশের অন্দরেও বেশ কয়েকটি পদে বদল আনা হয়েছে। সাইবার ক্রাইম বিভাগের নতুন ডিসি হচ্ছেন প্রদীপ কুমার যাদব এবং ইস্টার্ন ডিভিশনের নতুন ডিসি পদের দায়িত্বভার সামলাবেন অরিন্দম সরকার। এছাড়াও এসএপি (SAP) প্রথম ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার রাজীব কুমারকে কলকাতা পুলিশের ডিসি এসটিএফ হিসেবে নিয়োগ করা হয়েছে।

রাজ্য পুলিশের এই বদলি তালিকায় বেশ কয়েকজন ডব্লিউবিপিএস (WBPS) অফিসারেরও নাম রয়েছে। বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত এসপি (জোনাল) পিনাকী দত্তকে ওই জেলারই ডিআইবি-র অতিরিক্ত এসপি করা হয়েছে এবং তাঁর জায়গায় আসছেন অতীশ বিশ্বাস। এছাড়া পূর্ব মেদিনীপুরের গ্রামীণ অতিরিক্ত এসপি শ্যামল কুমার মণ্ডল এবং সুন্দরবনের অতিরিক্ত এসপি (জোনাল) অগ্নিশ্বর চৌধুরীরও কাজের ক্ষেত্র পরিবর্তন করা হয়েছে।

নবান্নের পক্ষ থেকে এটিকে ‘রুটিন বদলি’ হিসেবে বর্ণনা করা হলেও, রাজনৈতিক ও প্রশাসনিক পর্যবেক্ষকদের মতে, সুপ্রতিম সরকারের মতো শীর্ষস্তরের কর্তার বিভাগ বদল এবং বিধাননগর-দার্জিলিংয়ের মতো গুরুত্বপূর্ণ জোনে নতুন মুখ নিয়ে আসার পেছনে প্রশাসনিক কৌশল রয়েছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ