যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি ঘোষণার পরও লেবাননে ইসরাইলি হামলা চলছে, মৃত ৪, শান্তির পথে বাধা?
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি ঘোষণার পরও লেবাননে ইসরাইলি হামলা চলছে। দেশটির দক্ষিণাঞ্চলে নতুন করে একাধিক ড্রোন হামলা চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। এই হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে ইরান ইসরাইলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে। বলেছে, দক্ষিণ লেবাননে হামলা বন্ধ না করলে ইসরাইলকে কঠোর জবাব দেবে ইরান।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি ও শান্তি আলোচনা চলার মধ্যেই লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়েহ গভর্নরেটে একাধিক ইসরাইলি হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। লেবাননের জাতীয় বার্তাসংস্থা (এনএনএ) এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) মাইফাদুন এলাকায় দুটি গাড়ি লক্ষ্য করে পৃথক ড্রোন হামলার ঘটনা ঘটে। একই সময়ে শৌকিন গ্রামেও আরেকটি গাড়িতে হামলা চালানো হয় বলে জানিয়েছে সংস্থাটি।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘ ও নাজুক আলোচনার পুরো সময়জুড়ে ইরানি কর্মকর্তারা বারবার বলে আসছিলেন, যে কোনো যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে লেবাননে ইসরাইলি হামলা বন্ধ করতে হবে।
যদিও সমঝোতা স্মারকের (মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং) বিস্তারিত ও চূড়ান্ত বিবরণ এখনও প্রকাশ করা হয়নি, তবে সংঘাতে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গত সোমবার বলেছেন, ওই চুক্তিতে ‘লেবাননসহ সব ফ্রন্টে’ সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার কথা বলা হয়েছে।
এদিকে লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। লেবাননে যুদ্ধ বন্ধ করতে, ঘরবাড়ি ধ্বংস করা বন্ধ করতে এবং দখল করা লেবাননের ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহারে ইসরাইলকে বাধ্য করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি।
সৌজন্যে যুগান্তর।

