কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

প্রকাশিত হলো অণুগল্প  সংকলন ‘অনোন্যক’ 

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : প্রেমের মাহাত্ম্য অমর অক্ষয় রাখতে পৃথিবীতে অনেক নজির দেখা গেছে। কোথাও  শাশ্বত প্রেমের বৈভব কালজয়ী করতে কোনো প্রেমিক তাঁর প্রেমিকার স্মৃতিতে স্থাপত্য নির্মাণ করেছেন। কোথাও কোথাও নানাবিধ শিক্ষা প্রতিষ্ঠান নির্মিত হয়েছে। কোথাও বা অন্যকিছু। কিন্তু কোনো সুখি দম্পতি তাদের দাম্পত্য জীবনের এক, দুই তিন বা চার দশক পূর্তিতে কোনো সাহিত্য সংকলন প্রকাশ করেছেন তা প্রায় বিরল বলা যায়।‌

তেমনি এক বিরল ঘটনার সাক্ষী থেকেছে মহানগর কল্লোলিনী কলকাতা। গত ২৪ মে ২০২৬ কলকাতা কলেজ স্ট্রিট স্থিত ঐতিহাসিক কফি হাউস সংলগ্ন বই চিত্র সভাঘরে এক আড়ম্বরপূর্ণ সান্ধ্যকালীন সাহিত্য সভায়  বিশিষ্ট সাহিত্যিক বিমলেন্দু চক্রবর্তীর দাম্পত্য জীবনের তিরিশ বছর পূর্তিতে প্রেম বিষয়ক ৫৫ টি অণুগল্পের সমন্বয়ে একটি ব্যতিক্রমী সংকলনের আনুষ্ঠানিক প্রকাশ হয়।

উল্লেখ্য বিমলেন্দু চক্রবর্তী এবং তাঁর স্ত্রী অর্চিতা চক্রবর্তীর যুগ্ম সম্পাদনায় প্রকাশিত ব্যতিক্রমী সংকলন ‘অনোন্যক’ এ যেমন কলম ধরেছেন  এই সময়ে বাংলা সাহিত্যের প্রোথিতযশা কথা সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়, সাধন চট্টোপাধ্যায়, যশোধরা রায়চৌধুরী,  তেমনি কলম ধরেছেন‌  বিশিষ্ট সাহিত্যিক উপেক্ষিত শর্মা,  সুকুমার রুজ,  সঞ্জয় চক্রবর্তী, সেখ আব্দুল মান্নান, অঞ্জলি সেনগুপ্ত, বিমলেন্দু চক্রবর্তী, বাসুদেব দাস,  আঞ্জু মনোয়ারা আনসারী, শুভেন্দু বন্দ্যোপাধ্যায়, সৌমিত্র মজুমদার, গৌতম বালা, সুশান্ত পাড়ুই, পশুপতি বিশ্বাস, জাহানারা রহমান , কৃষ্ণা গুহ, বাসুদেব বন্দ্যোপাধ্যায়, সমর বিজয় চক্রবর্তী , নাসিমা বেগম বুলু,  প্রমুখ।

সংকলনটি সমবেত ভাবে আনুষ্ঠানিক প্রকাশ  করেন দৈনিক সবার খবর ও ফুটপাত পত্রিকার সম্পাদক কিংশুক ভট্টাচার্য, সাহিত্য একাডেমী পুরস্কার প্রাপ্ত বাসুদেব দাস, আলো পত্রিকার সম্পাদক সুকুমার রুজ,কথাশিল্পী সেখ আব্দুল মান্নান, ‘অনোন্যক’  সম্পাদক অর্চিতা চক্রবর্তী ও বিমলেন্দু চক্রবর্তী এবং তাঁদের সুপুত্রী ড. দেবারতি চক্রবর্তী। এর আগে স্বাগত ভাষণে সবাইকে কৃতজ্ঞতা জানান বিমলেন্দু চক্রবর্তী। বিশেষ সংকলন’টির মুখ্য উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন সেখ আব্দুল মান্নান। বিশিষ্ট  সংগীত শিল্পী দেবলীনা চক্রবর্তীর পরিবেশিত “বুঝি ওই সুদূরে ডাকিল মোরে”  রবীন্দ্র সংগীত দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।  এছাড়াও শিল্পীর সুরেলা কন্ঠে  পরিবেশিত ভিন্ন স্বাদের আরও দু’খানি গান দর্শক শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করে রাখে।  এদিন অনুষ্ঠানে ‘অনোন্যক’ এর লেখক লেখিকাদের মধ্যে যাঁরা উপস্থিত ছিলেন তাঁদের প্রত্যেকের হাতে লেখক কপি তুলে দেন আমন্ত্রিত অন্যতম অতিথি কিংশুক ভট্টাচার্য। একই সঙ্গে তিনি কবি বিমলেন্দু চক্রবর্তীকেও ‘ফুটপাত” পত্রিকার ৫৮ বছর পূর্তিতে  বিশেষ ভাষা স্মারকে সংবর্ধিত করেন।

এদিন সাহিত্য পাঠের অনুষ্ঠানে উল্লেখনীয় দিক ছিল শারীরিক কারণে উপস্থিত হতে না পারা যশস্বী  কথা সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের স্বকন্ঠে উচ্চারিত তাঁর  অণুগল্পের অডিও রেকর্ডিং উপস্থিত দর্শক শ্রোতাদের শোনানো। উপস্থিত অন্যান্যদের মধ্যে স্বরচিত কবিতা পাঠ করেন কবি আলমগীর রাহমান, জাহানারা রহমান, কৃষ্ণা গুহ, মহ: বাকিবিল্লাহ মন্ডল এবং স্বরচিত অণুগল্প পাঠ করেন বিশিষ্ট লেখক সিরাজুল ইসলাম ঢালী ও  উপেক্ষিত শর্মা।

‘প্রেমের সামিয়ানা’র নিচে দুটি  হৃদয় এক মধুর মুহুর্ত ‘ , শীর্ষক এক ব্যতিক্রমী  অনুষ্ঠানে “অনোন্যক” এর সম্পাদকদ্বয়ের পক্ষ থেকে সাহিত্যিক সেখ আব্দুল মান্নান ও জাহানারা বেগম’কে তাঁদের ৩৯ তম বিবাহ বার্ষিকী উপলক্ষে বিশেষ উপহার সহ সংবর্ধিত করা হয়।

এদিনের সমগ্র অনুষ্ঠানটি দক্ষতার সাথে সঞ্চালনা করেন বিশিষ্ট সাহিত্যিক সেখ আব্দুল মান্নান। তাঁকে সর্বতোভাবে সহযোগিতা করেন ড. দেবারতি চক্রবর্তী।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ