গণনা কেন্দ্রগুলির নিরাপত্তা আরও জোরদার করলো নির্বাচন কমিশন!
রাজ্যে ভোটপর্ব শেষ হয়েছে। তবে গণনা এখনও বাকি। জনমত আপাতত যন্ত্রবন্দি হয়ে রয়েছে। এই পরিস্থিতিতে ইভিএম, স্ট্রংরুম এবং গণনাকেন্দ্রের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বৃদ্ধি করছে নির্বাচন কমিশন। এর আগে নিরাপত্তায় ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। কমিশন সূত্রে খবর, ওই সংখ্যা আরও বাড়ানো হচ্ছে।
স্ট্রংরুম এবং গণনাকেন্দ্রের নিরাপত্তায় যে ২০০ কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছিল, তার মধ্যে ১০০ কোম্পানি সিআরপিএফ, ২০ কোম্পানি বিএসএফ, ১৫ কোম্পানি আইটিবিপি এবং ১৫ কোম্পানি এসএসবি। কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রতিটি স্ট্রংরুম পাহারা দেওয়ার জন্য ১২-১৮ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করা হয়েছে।

এ বার রাজ্যে ভোটগণনা কেন্দ্রের সংখ্যা আগের চেয়ে কমিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এ বার ২৯৪টি আসনের ভোট গোনা হবে ৮৭টি কেন্দ্রে। কোন জেলায় কোথায় কোথায় গণনা চলবে, তার তালিকা ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে ভোটগণনা হয়েছিল ৯০টি কেন্দ্রে। ২০২১ সালের নির্বাচনে গণনাকেন্দ্রের সংখ্যা বাড়িয়ে করা হয় ১০৮টি।

