কাব্যিকথা সাহিত্য আসর
গালিব ইসলাম : কলকাতার কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়ালে ‘কাব্যিকথা’ সাহিত্য পত্রিকার উৎসব সংখ্যা প্রকাশ উপলক্ষ্যে সাহিত্য আসর অনুষ্ঠিত হয়ে গেল ২২ মার্চ। প্রধান অতিথি বিশিষ্ট অনুবাদক ও রবীন্দ্র সংগীতশিল্পী মাননীয়া শিখরিণী মজুমদারের উদ্বোধন সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দূরদর্শনের প্রাক্তন আধিকারিক কবি ও সাহিত্যিক দেবাঞ্জন চক্রবর্তী অনুষ্ঠানের প্রদীপ প্রজ্জ্বলিত করে বলেন, “কাব্যিকথা সাহিত্য পত্রিকার সম্পাদক বেবীবালা মণ্ডল লিটিল ম্যাগাজিনের পরিসরে কলকাতার বুকে উত্তর ও দক্ষিণবঙ্গের অসাধারণ এক মেলবন্ধন ঘটালেন। এবং এই সময়ে দাড়িয়ে সাহিত্যে নারীদের উল্লেখযোগ্য অবদানের কথা উল্লেখ করেন। অন্যান্য বিশেষ অতিথি হিসেবে ছিলেন উত্তরবঙ্গের বালুরঘাটের বিশিষ্ট কবি ও লেখক ইলা সূত্রধর, কোচবিহারের বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাধবী দাস, কোচবিহারের কবি, লেখক ও নাট্য ব্যক্তিত্ব মাধুরী বরগাঁও ও বিশিষ্ট কবি ও সাহিত্যিক মাননীয় তাপস রায় মহাশয়। কাব্যিকথা সাহিত্য পত্রিকার সম্পাদক বেবীবালা তার বক্তব্যে বলেন, আপনাদের লেখনীতে সাহিত্যই একমাত্র প্রতিবাদের মুখ হয়ে উঠুক।

এবছরে ‘কাব্যিকথা সাহিত্য সম্মাননা ২০২৬ পেলেন দুজন কাব্য ও ছড়া সাহিত্যের জন্য অনিতা অধিকারী। কাব্য ও গদ্য সাহিত্যের জন্য হাসি বসু। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরও অনেক বিশিষ্ট কবি ও সাহিত্যিক। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনা করেন বিশিষ্ট কবি, লেখক ও চিত্রশিল্পী মাননীয় হরিশঙ্কর কুণ্ডু এবং বাচিকশিল্পী ও সংগীতশিল্পী মাননীয় অনিমেষ কুমার।

