অপসারিত স্বরাষ্ট্র সচিবকে এবার তামিলনাড়ুর পর্যবেক্ষক নিয়োগ করলো নির্বাচন কমিশন!
বাংলার জনরব ডেস্ক : নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের স্বরাষ্ট্র সচিবের পদ থেকেই জগদীশ মিনাকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে এখানেই থেমে নেই নির্বাচন কমিশন ওই জগদীশ মিনাকে এবার তামিলনাড়ুর একটি বিধানসভা কেন্দ্রের পর্যবেক্ষক করে পাঠানো হচ্ছে বলে খবর পাওয়া গেছে।
রবিবার ভোট ঘোষণা হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মুখ্যসচিবের পদ থেকে নন্দিনী চক্রবর্তীর বদলির সিদ্ধান্ত প্রকাশ্যে আসে। স্বরাষ্ট্রসচিবের দায়িত্ব থেকেও সরিয়ে দেওয়া হয় মীনাকে। নন্দিনীকে সরিয়ে রাজ্যের মুখ্যসচিব পদে দুষ্মন্ত নারিওয়ালাকে নিয়ে এসেছে কমিশন। নতুন স্বরাষ্ট্রসচিব করা হয়েছে সংঘমিত্রা ঘোষকে।

ইতিমধ্যেই প্রশাসনিক রদবদলের এই সিদ্ধান্তকে নির্বাচন কমিশনের ‘মধ্যরাতে গুপ্ত-তাণ্ডব’ বলে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! ভোট ঘোষণার রাতেই এই সিদ্ধান্ত সম্পর্কে কমিশনের উদ্দেশে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, “রাত সাড়ে ১২টায় ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হল! এটা মগের মুলুক?”
সোমবার পুলিশের শীর্ষপদেও বদল করে কমিশন। রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার (সিপি), এডিজি (আইনশৃঙ্খলা) পদে নতুন পদাধিকারীদের দায়িত্ব দেওয়া হয়। কমিশনের এই পদক্ষেপের বিরুদ্ধে তীব্র আপত্তি জানিয়ে সোমবারই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী।
পুলিশ-প্রশাসনের আধিকারিকদের বদলি প্রসঙ্গে সোমবার শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হলে রাজ্যের বিরোধী দলনেতা বলেছিলেন, “ওঁদের সরালে শুধু হবে না, ওঁদেরকে অন্য রাজ্যে পাঠাতে হবে।” ঘটনাচক্রে, তার পরের দিনই রাজ্যের অপসারিত স্বরাষ্ট্রসচিবকে ভিন্রাজ্যে ভোট-পর্যবেক্ষক করে পাঠানোর কথা জানা গেল।

